বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রীর বাসায় অগ্নিকাণ্ড
যুগের চিন্তা ২৪ অনলাইন
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ পিএম
বজ্রপাতের কারণে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সিরাজগঞ্জের বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে শহরের হোসেনপুর মহল্লার আল মাহমুদ এভিনিউয়ের বাড়ির গেটে গ্যাসের রাইজারে আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বৃষ্টির সঙ্গে প্রচণ্ড বজ্রপাত হচ্ছিল। হঠাৎ মন্ত্রীর বাসভবনের সামনে আগুনের লেলিহান শিখা দেখা যায়। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারা এসে আগুন নেভান।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শরিফুল ইসলাম জানান, দুপুর ১টা ১৫ মিনিটে খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়। বাড়ির গেটম্যান জানিয়েছেন, বজ্রপাতের কারণে গ্যাস রাইজারে আগুন ধরে এই অগ্নিকাণ্ড ঘটে।



