Logo
Logo
×

সারাদেশ

ময়লার স্তূপে মিলল দুই নবজাতকের নিথর দেহ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ এএম

ময়লার স্তূপে মিলল দুই নবজাতকের নিথর দেহ

প্রতিদিনের মতো ময়লা পরিষ্কারের কাজ করার সময় হঠাৎ দুটি প্লাস্টিকের বাটি চোখে পড়ে পরিচ্ছন্নতাকর্মী জাকির হোসেনের। কাছে যেতেই থমকে দাঁড়ান তিনি। বাটি দুটির ভেতরে পড়ে ছিল দুটি নবজাতক, একটি ছেলে ও একটি মেয়ে। দুজনেরই নিথর দেহ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে বরিশাল নগরের ১৯ নম্বর ওয়ার্ডের বগুড়া রোডের গফুর সড়কের বিপরীতে নতুন বাজার ফরেস্ট অফিসসংলগ্ন ময়লার স্তূপে নবজাতক দুটিকে পাওয়া যায়।

পরিচ্ছন্নতাকর্মী জাকির হোসেন জানান, কাজ করার সময় বাটি দুটি দেখে কাছে গিয়ে ভেতরে দুটি নবজাতক দেখতে পান তিনি। তাৎক্ষণিকভাবে তিনি স্থানীয় লোকজনকে বিষয়টি জানান এবং পরবর্তীতে স্থানীয়রা পুলিশে খবর দেন।

খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে জমা হন। ময়লার স্তূপে পাশাপাশি পড়ে থাকা দুই নবজাতকের মরদেহ দেখে অনেকেই হতবাক হয়ে যান।

স্থানীয়দের ধারণা, নতুন বাজার ও এর আশপাশে একাধিক বেসরকারি চিকিৎসাপ্রতিষ্ঠান রয়েছে। সেখান থেকেই ময়লা-আবর্জনার সঙ্গে নবজাতক দুটির মরদেহ ওই স্থানে ফেলা হয়ে থাকতে পারে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল-মামুন উল ইসলাম বলেন, খবর পাওয়ার সময় তারা এলাকাতেই টহলে ছিলেন। তথ্য পাওয়ার পরপরই তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নবজাতক দুটির মরদেহ উদ্ধার করেন এবং ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠান।

তিনি আরও জানান, নবজাতক দুটির পরিচয় শনাক্ত করা এবং কীভাবে তাদের মরদেহ ময়লার স্তূপে এল, তা উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার চেষ্টা চলছে।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন