শেরপুরে গাঁজাসহ ৩ জন আটক, প্রত্যেকের এক বছরের কারাদণ্ড
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ পিএম
বগুড়ার শেরপুরে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ তিনজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) শেরপুর উপজেলার বাগরা কলোনি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া কার্যালয়ের একটি দল গাঁজাসহ তিনজনকে হাতেনাতে আটক করে। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শেরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।
সাজাপ্রাপ্তরা হলেন- বাগরা কলোনি এলাকার মো. খালেকের ছেলে মো. মাসুম, মো. নুর হোসেনের ছেলে মো. এনামুল হক এবং মো. আব্দুস সালামের ছেলে মো. বাবর আলী।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে গাঁজা সেবন ও বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় মামলা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে পৃথক তিনটি মামলায় তাঁদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক প্রত্যেককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেন।
শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, মাদকমুক্ত সমাজ গঠনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। সাজাপ্রাপ্তদের সাজা পরোয়ানাসহ বগুড়া জেলা কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।



