ঈশ্বরগঞ্জে চোলাই মদসহ যুবক আটক, ১৫ দিনের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পিএম
ঈশ্বরগঞ্জে চোলাই মদসহ যুবক আটক, ১৫ দিনের কারাদণ্ড
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরের প্রাণকেন্দ্র পাটবাজারে প্রকাশ্যে চোলাই মদ বিক্রির সময় হাতেনাতে আটক হয়েছেন এক যুবক। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাকে ১৫ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান এর নেতৃত্বে পাটবাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ঈশ্বরগঞ্জ থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে।
আটকৃত যুবকের নাম কার্তিক মনি ঋষি (৩৮)। তিনি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ভবানীপুর এলাকার ঝোপালের ছেলে বলে জানা গেছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, চোলাই মদ বিক্রির উদ্দেশ্যে কার্তিক মনি ঋষি পাটবাজারে অবস্থান নেন। এসময় প্রশাসনের লোকজন তাকে ৩ বোতল চোলাই মদসহ হাতেনাতে আটক করে। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একইসাথে বিক্রির জন্য আনা তিন বোতল চোলাই মদ জনসম্মুখে ধ্বংস করা হয়।
অভিযান শেষে ইউএনও সানজিদা রহমান বলেন, "মাদকের বিস্তার রোধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত চলবে। মাদক বিক্রি, সেবন ও এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



