হাটহাজারীতে সড়ক দূর্ঘটনায় আহত শিক্ষার্থী মাহিনের মৃত্যু
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ পিএম
চট্টগ্রামের হাটহাজারীতে প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে গুরুতর আহত হাটহাজারী কলেজ শিক্ষার্থী মাহিন (২০) দুর্ঘটনার পাঁচদিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে হাটহাজারী সরকারি কলেজের প্রভাষক মো. আবু তালেব মাহিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মাহিন উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডস্থ মাহাবুল আলমের ছেলে।
জানা গেছে, গত বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরের দিকে কয়েকজন পরীক্ষার্থী সিএনজি চালিত অটোরিকশা যোগে হাটহাজারী সরকারি কলেজে পরীক্ষায় অংশ নিতে আসার সময়ে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি চালিত অটোরিকশাটি ও কারের সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়ে সিএনজি অটোরিকশা চালক ও শিক্ষার্থীরা গুরুতর আহত হন। পরে আশেপাশের লোকজন ছুটে এসে গুরুতর আহতদের উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের চমেক হাসপাতালে রেফার করা হয়।
এদিকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই অটোরিকশা চালক এরশাদের মৃত্যু হয়। অপরদিকে গুরুতর মাহিনকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গত দুইদিন আগে তাকে ঢাকা এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মাহিনের মৃত্যু হয়।
হাটহাজারী সরকারি কলেজের প্রভাষক মো. আবু তালেব দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে এই প্রতিবেদককে জানান, প্রিয় ছাত্র মাহিন আর কখনও কলেজের ক্যাম্পাসে ফিরবে না-এই সত্যটা মেনে নেওয়া আমাদের জন্য অত্যন্ত কঠিন। সে আমাদের কাছ থেকে চিরতরে ছুটি নিয়েছো। তার শূন্যতায় আজ কলেজজুড়ে শুধু হাহাকার। তার মৃত্যু শোকে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও তার সহপাঠীদের চোখের নোনা জলে আজ ভারী হয়ে উঠেছে আমাদের ক্যাম্পাসের প্রতিটি প্রান্ত। এমন মৃত্যু আমরা আর চাই না। আমরা চাই না মায়ের বুক খালি হোক। তাই, সংশ্লিষ্ট প্রশাসনকে ব্যাপার আরও অনেক বেশি সচেতন হওয়া উচিত। শিক্ষার্থীদের জন্য নিরাপদ যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করা এখন সময়ের দাবি বলে আমি মনে করি।



