Logo
Logo
×

সারাদেশ

কলমাকান্দায় বিদ্যালয়ের ছাদ ধসে আতঙ্ক, নতুন ভবনের দাবি

Icon

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ পিএম

কলমাকান্দায় বিদ্যালয়ের ছাদ ধসে আতঙ্ক, নতুন ভবনের দাবি

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের গাংধরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অফিস কক্ষের ছাদের পলেস্তারা ধসে পড়েছে। এতে একটি টেবিল ভেঙে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ভবনের বিভিন্ন স্থানে পলেস্তারা খসে পড়ায় ২৯১ শিক্ষার্থীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জয়নাল আবেদীন জানান, রাত বা সকালে কোনো একসময় অফিস কক্ষের ছাদের পলেস্তারা ধসে পড়ে। সকালে কক্ষের দরজা খুলে তিনি বিষয়টি দেখতে পান। পরে দেখা যায়, ধসে পড়া পলেস্তারার অংশ পড়ে একটি টেবিল ভেঙে গেছে।

প্রধান শিক্ষক বলেন, এর আগেও বিদ্যালয়ের অন্যান্য শ্রেণিকক্ষের ছাদ থেকে হালকা করে পলেস্তারা খসে পড়েছিল। বিদ্যালয়ে বর্তমানে ২৯১ জন কোমলমতি শিক্ষার্থী রয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে তিনি দ্রুত নতুন ভবন নির্মাণের দাবি জানান।

একজন অভিভাবক হাবিব উল্লাহ , আমিনুল ইসলামসহ স্থানীয়রা জানান, বিদ্যালয়ের ভবনটি দীর্ঘদিনের পুরোনো হওয়ায় বিভিন্ন স্থানে ফাটল ও পলেস্তারা খসে পড়ার ঘটনা ঘটছে। এ অবস্থায় প্রতিদিন শিক্ষার্থীদের বিদ্যালয়ে পাঠিয়ে অভিভাবকদের মধ্যে উদ্বেগ কাজ করছে। বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই ভবনটি পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।

ঘটনার খবর পেয়ে বিদ্যালয়ে ছুটে যান উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মোশাররফ হোসেন খান ও সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শীতেশ চন্দ্র পাল। তাঁরা বিদ্যালয়ের ছাদ ও বিভিন্ন কক্ষের অবস্থা সরেজমিনে পরিদর্শন করেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মোশাররফ হোসেন খান বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বিদ্যালয়ের ভবনের বর্তমান অবস্থা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

স্থানীয়দের ভাষ্য, কোনো ধরনের দুর্ঘটনা ঘটার পর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে আগেই ঝুঁকি চিহ্নিত করে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। তাই শিক্ষার্থীদের নিরাপদ পাঠদানের পরিবেশ নিশ্চিত করতে দ্রুত বিদ্যালয়ের পুরোনো ভবনটি সংস্কার অথবা নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন