নরসিংদীতে যুব মহিলা লীগের নেত্রী গ্রেপ্তার
নরসিংদী প্রতিবেদক
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ পিএম
নরসিংদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন।
গ্রেপ্তারকৃত মাহিয়া মনি শিবপুর উপজেলার সৃষ্টিঘর গ্রামের বাসিন্দা। তার বাবা মজিবুর রহমান, মা রোকেয়া রহমান এবং স্বামী জয়নাল ভূইয়া। সে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুব মহিলা লীগের জেলা শাখার যুগ্ম আহ্বায়ক এর দায়িত্বে রয়েছেন।
পুলিশ সুত্রে জানা গেছে, শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে নরসিংদী শহরের শিক্ষা চত্বর এলাকায় মাহিয়া মনি অবস্থান করে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনা করছেন এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় চত্ত্বর এলাকার পৌর পার্কে নারী উদ্যোক্তা মেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর সে সংগঠনের কার্যক্রম পরিচালনা করছে বলে পুলিশের কাছে স্বীকার করেন।
গ্রেপ্তারকৃত মাহিয়া মনির বিরুদ্ধে ঢাকার যাত্রাবাড়ী থানায় ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর করা একটি মামলায় দণ্ডবিধির ৩০২, ২০১ ও ৩৪ ধারায় অভিযোগ রয়েছে।
এ ছাড়া শিবপুর মডেল থানায় ২০১৯ সালের ১ ফেব্রুয়ারি করা অপর একটি মামলায় দণ্ডবিধির ১৪৩, ৪৪৭, ৪৪৮, ৩২৩, ৩২৬, ৩০৭, ৩৫৪, ৩৭৯, ৪২৭, ৫০৬ ও ১১৪ ধারায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শিক্ষা চত্ত্বর এলাকার পৌর পার্কে নারী উদ্যোক্তা মেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর সে জানায়, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের প্রচার ও সরকার বিরোধী কর্যক্রমে লিপ্ত ছিল। আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।



