সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ পিএম
আসন্ন সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র পদে জামায়াতে ইসলামীর একক প্রার্থী হিসেবে মহানগর জামায়াতের নায়েবে আমির ড. নূরুল ইসলাম বাবুলের নাম ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) নগরীর মদীনা মার্কেটে এক মিলনায়তনে মহানগর জামায়াতের থানা মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্যদের দুই দিনব্যাপী শিক্ষা শিবিরের সমাপনী দিনে তার নাম ঘোষণা করেন দলটির কেন্দ্রীয় নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে আজহারুল ইসলাম সততা, দক্ষতা ও নৈতিক চরিত্রের প্রতীক ড. নূরুল ইসলাম বাবুলের বার্তা নগরীর প্রতিটি ঘরে পৌঁছে দেওয়া এবং ইনসাফভিত্তিক আধুনিক সিসিক গঠনে ঐক্যবদ্ধ গণসংযোগ জোরদারের নির্দেশ দেন।
কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমির মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন- জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান, সিলেট অঞ্চল টিম সদস্য হাফিজ আব্দুল হাই হারুন, মনোনীত মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল এবং সাবেক দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ।



