Logo
Logo
×

সারাদেশ

শেরপুরে একই রাতে স্কুল ও মন্দিরে চুরি, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

Icon

শেরপুর (বগুড়া) প্রতিবেদক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ পিএম

শেরপুরে একই রাতে স্কুল ও মন্দিরে চুরি, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

বগুড়ার শেরপুরে একই রাতে খাগা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আশ্রম মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে। এতে বিদ্যালয় ও মন্দির কর্তৃপক্ষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। একই সঙ্গে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

খাগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. আব্দুল্লাহ আল মামুন জানান, রাতের কোনো একসময় চোরেরা বিদ্যালয়ে প্রবেশ করে দুটি বৈদ্যুতিক ফ্যান, সততা স্টোরের নগদ টাকা চুরি করে নিয়ে যায়। এ সময় বিদ্যালয়ের একটি আলমারি ভেঙে গুরুত্বপূর্ণ ফাইলপত্র তছনছ করা হয়।

এদিকে একই রাতে বিদ্যালয়ের পাশের আশ্রম মন্দিরেও চুরির ঘটনা ঘটে। চোরেরা মন্দির থেকে দানের টাকা, কাঁসার থালা-বাসন ও পূজার বিভিন্ন সরঞ্জাম নিয়ে যায়।

বিদ্যালয়ের শিক্ষকরা জানান, বিদ্যালয়ে নৈশপ্রহরী না থাকায় রাতে নিরাপত্তাব্যবস্থা দুর্বল থাকে। এ সুযোগে চোরেরা বিদ্যালয়ে প্রবেশ করে বিভিন্ন মালামাল চুরি করছে। বিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত নৈশপ্রহরী নিয়োগ ও প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন তারা।

সংশ্লিষ্ট এলাকার ইউপি সদস্য মুন্নাফ হোসেন বলেন, এলাকায় মাদকসেবীদের আনাগোনা রয়েছে। মাদকের টাকা জোগাড় করতে কেউ কেউ চুরিসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়তে পারে বলে স্থানীয়দের ধারণা। চুরির সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে শনাক্ত করার পাশাপাশি রাতে পুলিশের টহল বৃদ্ধি এবং অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

এ বিষয়ে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন বলেন, চুরির বিষয়টি পুলিশ অবগত হয়েছে। ঘটনাটি তদন্ত করে চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত এবং তাদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

একই রাতে শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়ে চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এ ধরনের ঘটনা প্রতিরোধে বিদ্যালয় ও মন্দিরে নিরাপত্তাব্যবস্থা জোরদার এবং এলাকায় পুলিশের টহল বাড়ানোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন