বিদ্যুৎ-গ্যাস সমস্যার স্থায়ী সমাধানে কাজ করছে সরকার: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
নরসিংদী প্রতিবেদক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৫:৪১ পিএম
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম এমপি বলেন, বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা আজকে তৈরি হয়নি এটি একটি দীর্ঘ দিনের সমস্যা। গত ১৭ বছর বিভিন্ন যায়গায় সাইনবোর্ড দিয়ে বলা হতো এই এলাকা শতভাগ বিদ্যুতায়ন হয়ে গেছে। আমরা অনেক কিছুতে স্বয়ংসম্পূর্ন। এ সবই ছিলো শুভঙ্করের ফাঁকি। তারা বিদ্যুতের কোনো স্থায়ী সমাধান না করে কুইকরেন্টালের নামে বিশেষ ব্যক্তিদের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। আমরা বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে জনগনের মাঝে বিদ্যুৎ এবং গ্যাস পৌঁছে দেয়ার স্থায়ী সমাধানের পরিকল্পনা তৈরি করছি। সে জন্য কিছুটা সময় প্রয়োজন।
সেমবার (৩১ আগস্ট) সকালে নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত জেলার আইনশৃঙ্খলা, উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলার সাথে মাদকের বিষয়টা ওতোপ্রোতোভাবে জরিত হয়ে গেছে। পুলিশের একার পক্ষে মাদক নির্মুলসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব নয় এ জন্য সামাজিক ভাবে আন্দোলন গড়ে তুলতে হবে। অপরাধীদের সামাজিক ভাবে বয়কট করতে হবে। অপরাধী যে পরিচয়ই বহন করুক তাদের আইনের আওতায় নিয়ে আসতে হবে। আমাদের অর্জন গুলোকে নষ্ট করার জন্য একটি মহাল ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে। তাদের উদ্দেশ্য বুঝতে হবে। তারা যেনো কোনো প্রকার অরাজকতা সৃষ্টি করতে না পারে সে জন্য আমাদের এই সরকারকে সহযোগিতা করতে হবে।
জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে
এসময় উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ সদর আসনের এমপি খায়রুল কবির খোকন, নরসিংদী-৩ শিবপুর আসনের এমপি মনজুর এলাহী, নরসিংদী-৫ রায়পুরা আসনের এমপি ইঞ্জিনিয়ার মোঃ আশরাফ উদ্দিন বকুল, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, পুলিশ সুপার আব্দুল্লাহ আল-ফারুক, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।



