Logo
Logo
×

সারাদেশ

ফুলবাড়িতে ডিলারের কেন্দ্র থেকে ২০ বস্তা সার সরানোর চেষ্টা, আটক ১

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০৮:৩০ পিএম

ফুলবাড়িতে ডিলারের কেন্দ্র থেকে ২০ বস্তা সার সরানোর চেষ্টা, আটক ১

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ডিলারের সার বিতরণ কেন্দ্র থেকে অবৈধ পন্থায় ২০ বস্তা সার উত্তোলন করে ভ্যানে করে নিয়ে যাওয়ার সময় তা জব্দ করেছে উপজেলা কৃষি বিভাগ। এ ঘটনায় আজিমুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

রোববার (৩০ আগস্ট) বিকেলে উপজেলার বালারহাট বাজারে মেসার্স সৈকত ট্রেডার্সের সার বিতরণ কেন্দ্র থেকে সারগুলো ভ্যানে করে সরিয়ে নেওয়ার সময় ঘটনাটি ধরা পড়ে।

কৃষি বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, মেসার্স সৈকত ট্রেডার্সের সার বিতরণ কেন্দ্রে রোববার সকাল থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত কৃষকদের মধ্যে সার বিতরণ করা হয়। পরে উপসহকারী কৃষি কর্মকর্তা ফিরোজ শাহ, ইব্রাহিম আলী ও আসাদুজ্জামান বালারহাট বাজারে নাস্তা করতে গেলে ওই সুযোগে একটি ভ্যানে করে ২০ বস্তা সার সরিয়ে নেওয়ার চেষ্টা করা হয়।

বিষয়টি কৃষি কর্মকর্তাদের নজরে পড়লে তারা ভ্যানটি থামিয়ে সারগুলো কোথায় নেওয়া হচ্ছে এবং কোন কৃষকদের নামে এসব সার উত্তোলন করা হয়েছে, তা জানতে চান। এ সময় সেখানে থাকা আজিমুল ইসলাম ২০ জন কৃষকের নামে সারগুলো নেওয়া হচ্ছে বলে জানান।

পরে উপসহকারী কৃষি কর্মকর্তারা বিষয়টি অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন ও এআইও সুশান্ত কুমার রায়কে জানান। তাঁরা ঘটনাস্থলে গিয়ে সংশ্লিষ্ট ২০জন কৃষকের পরিচয়পত্র দেখতে চাইলে যাচাই-বাছাইয়ে অসঙ্গতি ধরা পড়ে।

এরপর ঘটনাস্থলে পুলিশ ডেকে আজিমুল ইসলামকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। তিনি উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বাদশা মিয়ার ছেলে।

এদিকে ঘটনার পর থেকে মেসার্স সৈকত ট্রেডার্সের সার বিতরণ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ম্যানেজারকে পাওয়া যায়নি। তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও বক্তব্য পাওয়া যায়নি।

ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘অবৈধ পন্থায় সার উত্তোলন করে নিয়ে যাওয়ার সময় ২০ বস্তা সারসহ একজনকে প্রাথমিকভাবে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কৃষি বিভাগ বলছে, সার বিতরণে অনিয়ম বা অবৈধভাবে সার সরিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন