কক্সবাজারে মদের বারে সংঘর্ষের ঘটনায় আরও এক যুবকের মৃত্যু
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০৯:৪৮ এএম
কক্সবাজারে মদের বারে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত সালমান নামে আরও এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবক মারা যায়। এর আগে একই ঘটনায় ছুরিকাঘাতে ঘটনাস্থলে নাজিবুল হক রাশেদ নামে এক যুবক নিহত হয়।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত সাড়ে ১১ টার দিকে শহরের রেনেসাঁ হোটেলের মদের বারে এ ঘটনা ঘটে। নিহত সালমান শহরের বিজিবি ক্যাম্প ও নাজিবুল হক রাশেদ নুনিয়ারছড়া এলাকার বাসিন্দা।
বার কর্তৃপক্ষ সূত্রে পুলিশ জানায়, নিহত রাশেদসহ কয়েকজন যুবক বারে বসে মদ পান করছিলেন। এ সময় হঠাৎ নিজেদের মধ্যে ঝগড়া শুরু হয়। পরে উভয়পক্ষের আরও কয়েকজন যোগ দেয়। এতে প্রথমে রাশেদকে ছুরিকাঘাত করে তাজওয়ার হক রাদির নেতৃত্বে এক পক্ষ। সেখান ঝগড়া নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন সালমান। পরে নিহত রাশেদের লোকজন প্রথম দফায় বারের সামনে পিটিয়ে আহত করে সালমানকে।
এরপর তারা সালমানকে পেটাতে পেটাতে ফিশারীঘাট এলাকায় নিয়ে যায়। পরে সেখান থেকে তাকে উদ্ধার হাসপাতালে নিয়ে যায় পুলিশ। এরপর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে মারা যায় সালমান। এদিকে, ছুরিকাঘাতের পর হাসপাতালে নেয়া হলে মৃত্যু হয় রাশেদের।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুল ইসলাম জানান, অনুমোদনবিহীনভাবে মদের বারটি চালানো হচ্ছিলো। এ ঘটনায় জড়িতদের আটকে অভিযান শুরু করেছে পুলিশ।



