নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে যুবকের মৃত্যু
কক্সবাজার প্রতিবেদক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০৫:৪৯ পিএম
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে স্থল মাইন বিস্ফোরণে মো. সাইফুল (৩৫) নামে বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার সকাল ১০টার দিকে নাইক্ষ্যংছড়ি সীমান্ত পিলার-৫২ সংলগ্ন এলাকায় এ স্থল মাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতকে উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করা হয় বলে জানিয়েছেন নাইক্ষ্যংছড়ি থানার ওসি মো. মোজাম্মেল হক।
নিহত মো. সাইফুল নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের পাইনছড়ি এলাকার সাবের আহমেদের ছেলে।
সীমান্ত এলাকার লোকজনের বরাত দিয়ে ওসি মো. মোজাম্মেল হক জানান, বাংলাদেশ-মিয়ানমার এর শুন্য লাইন থেকে আনুমানিক ৪০০ মিটার দূরে মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মি কর্তৃক দখলকৃত ডুইল্যাঝিরি ক্যাম্প সংলগ্ন এলাকায় আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিষ্ফোরণে আহত হন তিনি। আহতকে উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
এনিয়ে গত এক বছরে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে অন্তত ৫ জন নিহত এবং ৩১ জনের বেশি মানুষ আহত হয়েছেন।



