শেরপুরে কোয়ালিটি ফিডের অব্যবস্থাপনায় তীব্র যানজট, এলাকাবাসীর মানববন্ধন
শেরপুর (বগুড়া) প্রতিবেদক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০৩:৫২ পিএম
বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের মাগুরগাড়ি তালপট্টি এলাকায় কোয়ালিটি ফিড কোম্পানি লিমিটেডের অব্যবস্থাপনা, সড়কের ওপর পানি গড়িয়ে পড়া এবং অপরিকল্পিত পার্কিংয়ের কারণে সৃষ্ট তীব্র যানজটের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। এ সময় তারা দ্রুত জনভোগান্তি নিরসন এবং সড়কে অবৈধ পার্কিং বন্ধের দাবি জানান।
সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে কোয়ালিটি ফিড কারখানার মূল ফটকের সামনের সড়কে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দারা বিভিন্ন দাবি ও প্রতিবাদসংবলিত ব্যানার-প্ল্যাকার্ড হাতে নিয়ে ‘জনভোগান্তি বন্ধ করো, রাস্তায় অবৈধ পার্কিং দূর করো’, ‘রোগীবাহী অ্যাম্বুলেন্স আটকে যায় কেন? প্রশাসন জবাব চাই!’ এবং ‘জনসাধারণের যাতায়াত সহজ করো, সড়কের ওপর যানজট নিরসন করো’—এমন নানা স্লোগান দেন।
মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা শিলু মিয়া, সিহাব হোসেন, আব্দুল মোমিন, আসাদুল ইসলাম মঞ্জু, মোতাহার হোসেন, সুলতান মাহমুদ ও নিজাম উদ্দিন।
বক্তারা অভিযোগ করেন, কোয়ালিটি ফিড কারখানায় কাঁচামাল ও পণ্য পরিবহনে ব্যবহৃত ভারী যানবাহনগুলো নিয়মিত প্রধান সড়কের ওপর দাঁড়িয়ে থাকে। এতে সড়কের স্বাভাবিক যান চলাচল ব্যাহত হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। একই সঙ্গে কারখানা থেকে সড়কের ওপর পানি গড়িয়ে পড়ায় সড়কের পরিবেশও নষ্ট হচ্ছে।
তাদের দাবি, এ অবস্থার কারণে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, পথচারী ও সাধারণ যাত্রীদের প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে। যানজটের কারণে রোগীবাহী অ্যাম্বুলেন্সও আটকে পড়ার ঘটনা ঘটছে বলে অভিযোগ করেন তারা।
মানববন্ধনে অংশ নেওয়া ক্ষুব্ধ এলাকাবাসী হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী সাত দিনের মধ্যে কারখানার অব্যবস্থাপনা, সড়কের ওপর পানি গড়িয়ে পড়া এবং অবৈধ ও অপরিকল্পিত পার্কিং বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
এ বিষয়ে কোয়ালিটি ফিড লিমিটেড বগুড়ার দায়িত্বপ্রাপ্ত জেনারেল ম্যানেজার ওমর ফারুক বলেন, ‘আমাদের নিজস্ব ৩০টি গাড়ি ধারণক্ষমতাসম্পন্ন পার্কিং স্পেস নির্মাণের কাজ চলছে। কাজটি শেষ হতে আরও প্রায় দুই মাস সময় লাগবে।’
তিনি বলেন, ভুট্টা সংগ্রহের মৌসুমে গাড়ির চাপ সাময়িকভাবে বেড়ে যায়। তবে পরবর্তীতে যাতে সড়কে কোনো ধরনের যানজট সৃষ্টি না হয়, সে বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা বলছেন, কারখানার কার্যক্রম ও পরিবহন ব্যবস্থাপনার কারণে যাতে সাধারণ মানুষের চলাচল ব্যাহত না হয়, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপ প্রয়োজন।



