নরসিংদীতে ঘরে ঢুকে অটোচালককে কুপিয়ে হত্যা
নরসিংদী প্রতিবেদক
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০৭:৩৪ পিএম
নরসিংদীর মনোহরদীতে ঘরে ঢুকে করে আকাশ মিয়া (২৫) নামে এক অটোচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সকালে উপজেলার দৌলতপুর ইউনিয়নের কীর্তিবাসদী গ্রামে এ ঘটনা ঘটে। কী কারণে ও কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা নিশ্চিত হতে পারেনি পরিবারের সদস্যরা।
নিহত আকাশ মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের কীর্তিবাসদী গ্রামের কৃষক আফতাব উদ্দিনের ছেলে। আকাশ এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন।
নিহত আকাশের বাবা আফতাব উদ্দিন বলেন, আমাদের বাড়ির একটি ঘরের একপাশে গরু ও অন্য পাশে আকাশ থাকতেন। ভোরে আমি ঘুম থেকে উঠে ঘরটির সামনে গিয়ে গরু বের করে দেওয়ার জন্য ডাকাডাকি করি। আকাশ ঘুম-ঘুম চোখে গরুটি বের করে দিয়ে আবার ঘুমিয়ে পড়ে। ওই সময় আমি গরু নিয়ে মাঠে চলে গেলে আর আকাশের মা তার বোনের বাড়িতে যায়। সকাল ৯টার দিকে আমরা বাড়িতে এসে দেখি, ওই ঘরের দরজা খোলা ও ভেতর থেকে গোঙানির শব্দ আসছে। পরে দৌড়ে ঘরে গিয়ে দেখি আকাশের ডান চোখের ওপরের অংশে কোপানো হয়েছে, আর মাথা ফেটে রক্ত বের হচ্ছে। আকাশ শুধু গোঙাচ্ছে, কিছুই বলতে পারছে না। পরে স্থানীয় লোকজনের সহায়তায় আমরা দ্রুত তাকে নিয়ে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে মনোহরদী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর তার লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
মনোহরদী থানার উপপরিদর্শক আবেদ আলী বলেন, ধারালো অস্ত্রে কুপিয়ে ওই যুবককে হত্যা করেছে দুর্বৃত্ত্বরা। তবে কে বা কারা কি কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন তা জানা যায়নি। পুলিশের তদন্ত চলছে, এ হত্যাকাণ্ডের রহস্য দ্রুতই বের হয়ে আসবে।



