সোনারগাঁয়ে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৭ জন আহত
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৯:৩৩ পিএম
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের জৈনপুর এলাকায় প্রতিপক্ষের হামলায় নারীসহ ৭ জন আহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে রাস্তায় ভারি যানবাহন চলাচলকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এঘটনায় সোনারগাঁ থানায় মো. মহিউদ্দিন বাদি হয়ে অভিযোগ দায়ের করেছেন।
জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের জৈনপুর এলাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর হাল্কা যানবাহন চলাচলের জন্য একটি সড়ক নির্মাণ করেন। ওই সড়ক নির্মাণের পর থেকে একটি কোম্পানির ভারি যানবাহন চলাচল শুরু করে। ফলে সড়কটি বিভিন্ন স্থানে ভেঙে যায়।
এ নিয়ে গত ১৩ মে এলাকাবাসীর গণ স্বাক্ষরে উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি স্বারকলিপি প্রদান করে। এসময় ইউএনও কার্যালয়ে উপস্থিত নারী পুরুষকে ভারী যানবাহন চলাচলে বাধা দেওয়ার পরামর্শ দেন। পাশাপাশি ইউএনও আসিফ আল জিনাত এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। ইউএনওর আশ্বাসে গ্রামবাসী ওই রাস্তা দিয়ে ভারী যানবাহন চলাচলে বাধা প্রদান করে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সিমেন্ট ভর্তি একটি ট্রাক এ রাস্তা দিয়ে কোম্পানিতে যাওয়ার সময় গ্রামবাসী বাধা দেয়। খবর পেয়ে কোম্পানির ঠিকাদার ও বিএনপির কর্মী আবুল হোসেন আবুর নেতৃত্বে জসীম উদ্দিন, ঈসমাইল, মো. রনি, লিটন মিয়া, আবু নাঈম, আবুল কালাম সোপানসহ ১০-১৫জনের একটি দল দেশীয় অস্ত্র, রামদা, লাঠিসোটা ও লোহার রড নিয়ে অতর্কিত হামলা চালায়। হামলায় মাহমুদুল ইসলাম শুভ, মায়মুনা আক্তার, পারুল আক্তার, আরাফাত মিয়া, মুজাহিদ হোসেন, রাব্বী মিয়াসহ ৭জন আহত হয়েছেন। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হামলায় আহত মাহমুদুল ইসলাম শুভ জানান, দীর্ঘদিন পর তাদের এলাকায় পাকা রাস্তা হয়েছে। এ রাস্তায় হাল্কা যানবাহন চলাচলের উপযোগী করে নির্মাণ করা হয়। ভারি যানবাহন চলাচল করার কারনে কয়েকস্থানে রাস্তা দেবে ভেঙ্গে যায়। ফলে ইউএনও কার্যালয়ে অভিযোগ দায়ের করেন। পরে ইউএনও এ রাস্তায় ভারি যানবাহন চলাচল করলে বাধা দিতে পরামর্শ দেন। পরদিন থেকে ওই রাস্তায় ভারী যান চলাচলে বাধা দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার বাধা দেওয়ায় হামলার শিকার হয়েছি।
অভিযুক্ত আবুল হোসেন আবু বলেন, চাঁদার দাবিতে কোম্পানিতে সিমেন্ট যাওয়ার পথে ট্রাক আটকে দেয়। খবর পেয়ে সেখানে গেলে আমাদের ওপর হামলা করে। শুভর নেতৃত্বে তিনি ও তার ভাগিনা সোপারকে পিটিয়ে আহত করেছে।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন বলেন, হামলার ঘটনায় অভিযোগ গ্রহন করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত বলেন, হামলার বিষয়টি আমার জানা নেই। ফৌজদারী অপরাধের বিষয়টি থানা পুলিশ ব্যবস্থা নেবেন। তবে রাস্তায় ভারি যানবাহন চলাচলের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।



