শেরপুরে স্থায়ী সাব রেজিস্ট্রার নিয়োগের দাবিতে দলিল লেখকদের মানববন্ধন
শেরপুর (বগুড়া) প্রতিবেদক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৪:৪৭ পিএম
বগুড়ার শেরপুর উপজেলা সাব রেজিস্ট্রি অফিসে স্থায়ী সাব রেজিস্ট্রার নিয়োগের দাবিতে মানববন্ধন ও কলম বিরতি কর্মসূচি পালন করেছেন দলিল লেখকেরা। নিয়মিত সাব রেজিস্ট্রার না থাকায় দলিল নিবন্ধন কার্যক্রম ব্যাহত হওয়া এবং সেবা নিতে আসা সাধারণ মানুষের ভোগান্তি কমাতে দ্রুত স্থায়ী সাব রেজিস্ট্রার নিয়োগের দাবি জানান তাঁরা।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে উপজেলা সাব রেজিস্ট্রি অফিসের সামনে বাংলাদেশ দলিল লেখক সমিতি শেরপুর উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দেওয়া হয়।
মানববন্ধনে দলিল লেখক সমিতির নেতারা বলেন, শেরপুর সাব রেজিস্ট্রি অফিসে দীর্ঘদিন ধরে নিয়মিত সাব রেজিস্ট্রার না থাকায় দলিল নিবন্ধন কার্যক্রমে ধীরগতি সৃষ্টি হয়েছে। বর্তমানে সপ্তাহে মাত্র দুই দিন সাব রেজিস্ট্রার অফিসে বসেন। এতে প্রতিদিন গড়ে প্রায় ৮০টি দলিল নিবন্ধন হলেও বিপুলসংখ্যক দলিল অপেক্ষমাণ থেকে যাচ্ছে। ফলে দলিলের জট তৈরি হচ্ছে এবং সেবা নিতে আসা সাধারণ মানুষকে নানা ধরনের ভোগান্তির শিকার হতে হচ্ছে।
তাঁরা জানান, শেরপুর উপজেলার আয়তন ও জনসংখ্যার তুলনায় এ সাব রেজিস্ট্রি অফিসের কার্যক্রমের পরিধি অনেক বড়। প্রতিদিন প্রায় ১৫০ জন সেবাগ্রহীতা দলিল নিবন্ধনসহ বিভিন্ন সেবা নিতে অফিসে আসেন। কিন্তু নিয়মিত সাব রেজিস্ট্রার না থাকায় নির্ধারিত সময়ে তাঁদের সেবা দেওয়া সম্ভব হচ্ছে না।
দলিল লেখকেরা আরও বলেন, একটি দলিল নিবন্ধনের সঙ্গে জমি ক্রয়-বিক্রয়ের পাশাপাশি সাধারণ মানুষের গুরুত্বপূর্ণ আর্থিক ও পারিবারিক বিষয় জড়িত। তাই এ ধরনের গুরুত্বপূর্ণ সেবা কার্যক্রমে দীর্ঘসূত্রতা তৈরি হলে সাধারণ মানুষকে সময় ও অর্থ দুটোই ব্যয় করতে হয়।
মানববন্ধন থেকে বক্তারা দ্রুত শেরপুর উপজেলা সাব রেজিস্ট্রি অফিসে একজন স্থায়ী সাব রেজিস্ট্রার নিয়োগের জোর দাবি জানান। তাঁদের মতে, নিয়মিত সাব রেজিস্ট্রার নিয়োগ করা হলে দীর্ঘদিনের জমে থাকা দলিলের জট কমবে, নিবন্ধন কার্যক্রমে গতি ফিরবে এবং সাধারণ মানুষ দ্রুত ও নির্বিঘ্নে সেবা পাবেন।
কর্মসূচিতে বাংলাদেশ দলিল লেখক সমিতি শেরপুর উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও দলিল লেখকেরা উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তাঁদের দাবিসংবলিত স্মারকলিপি প্রদান করেন।



