নরসিংদীতে মাদক সেবনের সময় পুলিশ সদস্যসহ ৪ জন আটক
নরসিংদী প্রতিবেদক
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০৩:৫৮ পিএম
নরসিংদীর বেলাবোতে মাদক কারবারিদের সাথে মাদক সেবনকালে শামসুল ইসলাম নামের এক পুলিশ কনস্টেবল'সহ ৪ জনকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। সোমবার (১৭ আগস্ট) রাতে উপজেলার বেলাবো উপজেলার মাটিয়ালপাড়া এলাকায় একটি বাগানবাড়িতে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলো, বেলাবো থানায় কর্মরত পুলিশ কনস্টেবল শামসুল ইসলাম, বেলাবো উপজেলার মাটিয়াল পাড়া এলাকার মৃত আলী আকবরের ছেলে উজ্জল মিয়া (৩৭), ইব্রাহিমপুর গ্রামের মো: আতস আলীর ছেলে রকি (২৮) ও মৃত মজনু মিয়ার ছেলে মো: বাদল (৩৭)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে মাটিয়ালপাড়া এলাকার একটি বাগানবাড়িতে মাদক কারবারিদের সাথে পুলিশ কনস্টেবল সামসুল ইসলাম'সহ বেশ কয়েকজন মাদক সেবনে লিপ্ত হন। ঘটনাটি টের পেয়ে স্থানীয় জনতা বাগানবাড়িটি ঘেরাও করে তাদের হাতেনাতে আটক করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। অপকর্ম বা মাদকের সাথে জড়িত কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।
উল্লেখ্য, এর আগেও মাদকসহ আটক হয়েছিল এক কনস্টেবল। চলতি বছরের ২৭ এপ্রিল বেলাবো উপজেলার খামারের চর এলাকা থেকে ৫০০ পিস ইয়াবাসহ জীবন মিয়া (২৮) নামে এক পুলিশ কনস্টেবলকে আটক করা হয়েছিল।
পুলিশ সূত্রে জানা যায়, বারৈচা বাজার থেকে এক মোটরসাইকেল আরোহী ইয়াবা নিয়ে খামারের চর এলাকায় যাচ্ছেন এমন গোপন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) খামারের চর এলাকার এএনএম উচ্চ বিদ্যালয়সংলগ্ন জামে মসজিদের সামনে অবস্থান নেয়। পরে সন্দেহভাজন মোটরসাইকেল আরোহী সেখানে পৌঁছালে তাকে আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছিল।
আটক জীবন মিয়া কিশোরগঞ্জের ভৈরব উপজেলার চণ্ডিবের মধ্যপাড়া এলাকার বাসিন্দা এবং নরসিংদীর বেলাবো থানায় পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
পরপর দুই ঘটনায় বেলাবো থানার দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে মাদক-সংশ্লিষ্টতার অভিযোগ ওঠায় বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা তৈরি হয়েছে।



