Logo
Logo
×

সারাদেশ

নারায়ণগঞ্জে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সীমান্ত হত্যা মামলায় তিন আসামির মৃত্যুদণ্ড

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৩:২৭ পিএম

নারায়ণগঞ্জে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সীমান্ত হত্যা মামলায় তিন আসামির মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মো. ওয়াজেদ সীমান্ত হত্যার ঘটনায় দায়ের করা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৭ আগস্ট) জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন— অনিক, আকাশ ও চান্ডি বাবু। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন। আদালত সূত্র জানায়, তাদের বিরুদ্ধে এর আগেও ছিনতাই, হত্যা ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ওয়াজেদ সীমান্ত আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। ২০২৪ সালের ১২ ডিসেম্বর সকালে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে নারায়ণগঞ্জের দেওভোগ এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়েন তিনি। এ সময় ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৪ ডিসেম্বর রাতে তার মৃত্যু হয়।

চাঞ্চল্যকর এ মামলায় মোট ২৭ জন সাক্ষীর মধ্যে ২৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত তিন আসামিকে মৃত্যুদণ্ড দেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন