বেহাল সড়কে দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবি
আহমেদ উল্লাহ, মনোহরগঞ্জ (কুমিল্লা)
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ১২:৪০ পিএম
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ঝলম দক্ষিণ শাহ শরীফ কলেজ-দেবপুর সড়কটি এখন প্রায় ব্যবহারের অযোগ্য। ২০২৪ সালের ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ার পরও এটি সংস্কার করা হয়নি। ফলে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও খানাখন্দ দেখা দিয়েছে, যা যানবাহন ও পথচারীদের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করেছে।
এই সড়কটি মির্জাপুর, নরহরিপুর, দেবপুর, দৈয়ারা, যাদবপুর, পোমগাঁও, মেহেলদারকোটসহ অন্তত ১০টি গ্রামের মানুষের চলাচলের প্রধান পথ। প্রতিদিন এ পথে হাজার হাজার মানুষ ও শত শত যানবাহন চলাচল করে। কিন্তু সড়কটির বেহাল দশায় দুর্ঘটনা লেগেই আছে।
সরেজমিনে দেখা যায়, মির্জাপুর শাহশরীফ কলেজ থেকে দেবপুর পর্যন্ত স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সাড়ে ৩ থেকে ৪ কিলোমিটার দীর্ঘ এই সড়কের অসংখ্য স্থানে ছোট-বড় গর্ত। বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর সংস্কার না করায় সামান্য বৃষ্টিতেও গর্তে পানি জমে যায়। অনেক জায়গায় সড়কের উপরের পিচ উঠে গিয়ে ১ থেকে ৬ ইঞ্চি কাঁদা ও বালি জমেছে, যা চলাচলকে আরও দুরূহ করে তুলেছে।
স্থানীয়রা ঝুঁকি নিয়েই চলাচল করছেন। মির্জাপুর সাতপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ইসরাত জাহান বলেন, ‘এক কিলোমিটার হেঁটে স্কুলে যেতে হয়। ভাঙা রাস্তার জন্য কোনো যানবাহন পাওয়া যায় না। বৃষ্টির সময় কয়েকবার গর্তে পড়ে গেছি। গর্তে পড়ে অনেক শিক্ষার্থী আহত হয়েছে। আমি দ্রুত সড়কটি সংস্কার চাই।’
মনোহরগঞ্জ উপজেলা প্রকৌশলী কামাল হোসেন বলেন, এই সড়কটি গুরুত্বপূর্ণ এবং এর সংস্কারের প্রস্তাব যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। তার ভাষ্য, অনুমোদন পেলেই দ্রুত সংস্কারের কাজ শুরু হবে।



