শেরপুরে ট্রাকের চাকায় পিষ্ট যুবক, মহাসড়কে ছড়িয়ে-ছিটিয়ে পড়ল মরদেহ
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৮:৪২ পিএম
বগুড়ার শেরপুরে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী অজ্ঞাত একটি ট্রাকের চাপায় মো. রাজু আহম্মেদ (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর আরও কয়েকটি যানবাহন তাঁর ওপর দিয়ে চলে গেলে মরদেহ ছিন্নভিন্ন হয়ে মহাসড়কের বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে। পরে নিহতের ছোট ভাই লাশ শনাক্ত করেন।
রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার নাবিল হাইওয়ে হোটেলের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাজু আহম্মেদ উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের কদিমহাঁসড়া গ্রামের মো. স্বপন প্রামাণিকের বড় ছেলে। তিনি নাবিল হাইওয়ে হোটেলের হান্ডি বিভাগে কর্মরত ছিলেন। রোববার তিনি ছুটিতে ছিলেন বলে পরিবার ও সহকর্মীরা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শী মো. পারভেজ আহম্মেদ জানান, রাজু মহাসড়কের পশ্চিম পাশ থেকে পূর্ব পাশে পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি অজ্ঞাত ট্রাক তাঁকে চাপা দেয়। পরে পেছন থেকে আসা আরও কয়েকটি যানবাহন তাঁর ওপর দিয়ে চলে যায়। এতে তাঁর মাথার মস্তিষ্কসহ শরীরের বিভিন্ন অংশ মহাসড়কের বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে।
দুর্ঘটনার সময় নিহতের পরনে লুঙ্গি ও কালো টি-শার্ট এবং পায়ে স্যান্ডেল ছিল। প্রাথমিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব না হলেও নাবিল হাইওয়ে হোটেলে কর্মরত তাঁর ছোট ভাই হৃদয় আহম্মেদ ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করেন।
ভাইয়ের মরদেহ শনাক্ত হওয়ার খবর পেয়ে রাজুর বাবা-মা, স্বজন ও পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন। এ সময় স্বজনদের আহাজারিতে সেখানে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।
শেরপুর হাইওয়ে থানার সার্জেন্ট ফয়সাল আহম্মেদ জানান, নিহত যুবকের পরিচয় শনাক্ত হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে ধীরগতি সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। ঘাতক ট্রাকটি শনাক্ত ও চালককে আটক করতে পুলিশ কাজ করছে।



