শেরপুরে জাতীয় মৎস্যপক্ষে তিন সফল মৎস্যচাষীকে সম্মাননা
শেরপুর (বগুড়া) প্রতিবেদক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৪:০২ পিএম
বগুড়ার শেরপুরে জাতীয় মৎস্যপক্ষ-২০২৬ উপলক্ষে উপজেলার তিনজন সফল মৎস্যচাষীকে সম্মাননা প্রদান করা হয়েছে। রোববার (১৬ আগস্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা তাঁদের হাতে সম্মাননার ক্রেস্ট তুলে দেন।
জাতীয় মৎস্যপক্ষ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে উপজেলার মৎস্যচাষীদের অংশগ্রহণে একটি শোভাযাত্রা বের করা হয়। এবারের মৎস্যপক্ষ আগামী ৩০ আগস্ট পর্যন্ত চলবে।
সম্মাননাপ্রাপ্ত তিন সফল মৎস্যচাষী হলেন—উপজেলার মির্জাপুর এলাকার জাহিদুল ইসলাম, শাহবন্দেগী ইউনিয়নের আবদুর রাজ্জাক এবং সীমাবাড়ি ইউনিয়নের হামিদুল হক সরকার। দেশীয় প্রজাতির ছোট মাছ চাষে সাফল্যের জন্য জাহিদুল ইসলাম, মনোসেক্স তেলাপিয়া চাষে আবদুর রাজ্জাক এবং কার্পজাতীয় মাছ চাষে সফলতার জন্য হামিদুল হক সরকারকে এ সম্মাননা দেওয়া হয়।
এ ছাড়া জাতীয় মৎস্যপক্ষের কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পরিষদের পুকুরে কার্পজাতীয় মাছের ৫০ কেজি পোনা অবমুক্ত করেন অনুষ্ঠানের অতিথিরা।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান হিমু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শেরপুর উপজেলায় অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সিনিয়র মৎস্য কর্মকর্তা ইকবাল হোসেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও শেরপুর পৌরসভার সাবেক মেয়র জানে আলম খোকা, শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু, হাসানুল মারুফ শিমুলসহ অন্যরা।
বক্তারা বলেন, দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আধুনিক প্রযুক্তি ও পরিকল্পিত ব্যবস্থাপনার মাধ্যমে মাছের উৎপাদন আরও বাড়াতে মৎস্যচাষীদের উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, মৎস্যচাষী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।



