মাদারীপুরে মাদ্রাসার পাশে হাতবোমা বিস্ফোরণ, আহত ৪ শিশু
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০২:০৩ পিএম
মাদারীপুরের কালকিনি পৌর এলাকার একটি মহিলা মাদ্রাসার পাশে হাতবোমা বিস্ফোরণে চার শিশু শিক্ষার্থী আহত হয়েছে।
শনিবার সকালে গোপালপুর দারুসসুন্নাহ মহিলা মাদ্রাসার পাশে ইমন সরদারের বসতঘরের সামনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে কালকিনি থানার ওসি মো. জহিরুল আলম বলেন।
এতে মাদ্রাসার শিক্ষার্থী মিনহা (১০), জান্নাত (৯), মাইমুনা (৯) ও আবিদা (৮) আহত হয়েছে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইমন সরদার বলেন, “আমার ঘরের সামনে কিভাবে এমন বিস্ফোরণ হলো আমি জানি না।”
মাদ্রাসার মাহতামিম হাফিজুর রহমান বলেন, তার মাদ্রাসার পাশে হঠাৎ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে করে চার শিশু শিক্ষার্থী আহত হয়েছে।
ওসি জহিরুল আলম বলেন, ১৫ আগস্টের সকালে হঠাৎ ওই মাদ্রাসার সাথে থাকা ইমন সরদারের বসতঘরের সামনে হাতবোমা বিস্ফোরিত হয়। খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।
এ বিষয়ে তদন্ত চলছে বলেও জানান তিনি।



