কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালী এলাকায় বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে নয়াপাড়া বায়তুল মামুর জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— খুটাখালী সেগুনবাগিচার মো. জসিম উদ্দিন (২৫), ফুলছড়ি শিয়াপাড়ার মো. শাহেদ (২৭), ইদগাঁও উপজেলার মোহাম্মদ রফিক (২৮) এবং মো. জিয়াবুল হক (২৫)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নোয়াখালী থেকে ছেড়ে আসা লাল সবুজ পরিবহণের একটি বাস কক্সবাজারগামী পথে ছিল। অপরদিকে ইদগাঁও থেকে যাত্রী নিয়ে একটি লেগুনা চকরিয়ার দিকে যাচ্ছিল। খুটাখালী নয়াপাড়া এলাকায় পৌঁছালে বাসটি লেগুনাকে সজোরে ধাক্কা দেয়। এতে লেগুনাটি দুমড়েমুচড়ে যায় এবং ভেতরে থাকা যাত্রীরা গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল ও মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শাহেদ, রফিক ও জিয়াবুল মারা যান। অন্যদিকে মালুমঘাট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জসিম উদ্দিনের মৃত্যু হয়।
মালুমঘাট হাইওয়ে থানার ওসি ওসমান গনি জানান, নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও লেগুনা জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।



