আয়নাবাজির শিকার সোনা মিয়াকে ৪ শর্তে মুক্তির সিদ্ধান্ত আদালতের
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০৯:২৩ পিএম
কক্সবাজারে ১ লাখ ৯০ হাজার ইয়াবা সহ ৫ জন গ্রেপ্তার এবং মৃত্যুদণ্ডাদেশের পর ভিন্ন এক আয়নাবাজির শিকার হয়ে কারাগারে থাকা সোনা মিয়াকে মুক্তির সিদ্ধান্ত দিয়েছেন আদালত।
বুধবার সন্ধ্যায় কক্সবাজার জেলা দায়রা ও জজ আদালতের বিচারক এমন সিদ্ধান্ত প্রদান করেন বলে জানিয়েছেন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. আব্দুল মান্নান।
তিনি জানান, কারাগারে থাকা সোনা মিয়াকে দেওয়া ৪ টি শর্ত হল, কারাগারে থাকা সোনা মিয়ার আইডি কার্ড জমা প্রদান, প্রতি সপ্তাহে থানায় হাজিরা প্রদান, কোনোভাবে দেশ ত্যাগ না করা, একই সঙ্গে ৩ মাস পর পর আদালতে হাজির হওয়া।
একই সঙ্গে এ ঘটনায় মূল আসামিকে দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করতে পুলিশকে নির্দেশ প্রদান করা হয়েছে।
মূলত কক্সবাজারে ১ লাখ ৯০ হাজার ইয়াবা সহ ৫ জন গ্রেপ্তার এবং মৃত্যুদণ্ডাদেশের রায়ের পর মামলায় কারাগারে থাকা অভিযুক্ত এক আসামি নিয়ে ভিন্ন ধরনের আয়নাবাজির এই ঘটনাটি ঘটেছে।
ঘটনার সূত্রপাত ২০২০ সালের ২ মার্চ। কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পুলিশের এক অভিযানে ১ লাখ ৯০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার হন ৫ জন। যে মামলার এজাহারের ২ নম্বর আসামি নাম সোনা মিয়া। যেখানে পিতার নাম লেখা হয় নজির আহমদ এবং বর্তমান ঠিকানা ছিল কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কুতুবদিয়াপাড়া। স্থায়ী ঠিকানা ছিল রামু উপজেলার গর্জনিয়া। অভিযানের সময় ওই ব্যক্তি কাছে পাওয়া একটি জন্মনিবন্ধনের ফটোকপির সূত্র ধরে সোনা মিয়ার নামটি ব্যবহারের কথা এজাহারের উল্লেখ করা হয়েছে।
আদালত থেকে পাওয়া নথিপত্র থেকে প্রাপ্ত তথ্য মতে, মামলার তদন্তকারী কর্মকর্তা ওই সময়ের ডিবি পুলিশের ইন্সপেক্টর মানস বড়ুয়া ২০২০ সালের সেপ্টেম্বর মাসে আদালতে অভিযোগপত্র ( চার্জশিট) দাখিল করেন। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ২ নম্বর আসামির নাম-ঠিকানা যাচাইয়ের জন্য কক্সবাজার সদর ও রামু থানা পুলিশ অনুসন্ধান করেছে। অনুসন্ধানে ‘সোনা মিয়া’র দেওয়া নাম-ঠিকানা সঠিক পাওয়া যায়নি। তদন্তকারী কর্মকর্তা চার্জশিটে উল্লেখ করেন, আসামির নাম-ঠিকানা সঠিক না হওয়ায় তাকে জেলহাজতে রেখে পরবর্তী বিচার কার্যক্রম সম্পন্ন করার জন্য অনুরোধ করা হয়।
কিন্তু নথি অনুযায়ী, ২০২২ সালের ১৩ জুন ‘সোনা মিয়া’ কক্সবাজার জেলা জজ আদালত থেকে জামিন পান। জামিনে বের হওয়ার পর তিনি আত্মগোপনে চলে যান। এরমধ্যে এরপর দীর্ঘ সময় পর ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে আদালত ওই মামলায় ‘সোনা মিয়াসহ’ সংশ্লিষ্ট ৫ আসামিদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন।
রায়ের পর ২৩ জুন র্যাব-১৫-এর একজন সিনিয়র ওয়ারেন্ট অফিসারের ওয়ারেন্টমূলে ‘সোনা মিয়াকে’ গ্রেপ্তার করা হয়। পরে তাকে কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হয়।
কিন্তু কারাগারে যাওয়ার পর নতুন করে সামনে আসে প্রশ্ন। কারাগারে যাওয়ার ২/৩ দিন পর ‘সোনা মিয়া’ কারাগারের জেল সুপার বরাবর আবেদন করেন যে, তিনি এই মামলার আসামি নন। পরে জেল সুপার বিষয়টি জেলা জজ, কক্সবাজারের কাছে পাঠিয়ে দেন। আদালত বিষয়টি যাচাই করে প্রতিবেদন দাখিলের জন্য কক্সবাজার সদর থানা পুলিশকে নিদের্শ দেন। গত ২ জুলাই কক্সবাজার সদর থানার পুলিশ আদালতে এ সংক্রান্ত একটি প্রতিবেদন দাখিল করেন।
আর যেখানে উঠে এসেছে ২০২০ সাথে ইয়াবা সও গ্রেপ্তার এবং জামিনপ্রাপ্ত সোনা মিয়া মামলার রায় ঘোষণার পর র্যাবের অভিযানে গ্রেপ্তার সোনা মিয়া একই ব্যক্তি নন। ঘটনার প্রথমে গ্রেপ্তার হওয়া ব্যক্তির প্রকৃত নাম রমজান।
বর্তমানে গ্রেপ্তার থাকা ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, ঘটনার সময় গ্রেপ্তার হওয়া আসামিদের মধ্যে ২ নম্বর আসামির প্রকৃত নাম ছিল রমজান। তিনি নিজেকে ‘সোনা মিয়া’ বলে পুলিশের কাছে পরিচয় দেন এবং পরে পুলিশকে একটি জন্মনিবন্ধন কার্ড দেখান। রমজান ও সোনা মিয়া একই সময়ে রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করতেন। পরে তারা ক্যাম্প থেকে পালিয়ে কক্সবাজার শহরের কুতুবদিয়া পাড়ায় দীর্ঘদিন একসঙ্গে একই ঘরে অবস্থান করেন। কোনো এক কারণে সোনা মিয়ার জন্মনিবন্ধনটি রমজান তার কাছে রাখতেন।
কারাগারের সূত্র প্রাপ্ত তথ্য মতে, ২০২০ সালে গ্রেপ্তারের পর হাজতে থাকা ব্যক্তি এবং সাজা হওয়ার পর গ্রেপ্তার ব্যক্তির পরিচয়েও মিলেছে ভিন্নতা। ২০২০ গ্রেপ্তারের পর কারাগারে সংরক্ষিত ছবি, ২৩ জুন গ্রেপ্তারের পর নেয়া ছবি রয়েছে ভিন্নতা। একই সঙ্গে ২০২০ সালে গ্রেপ্তার হওয়া ব্যক্তির পিতা নাম মৃত নজির আহমদ, মাতা সোনারা বেগম, স্ত্রী আয়েশা, দুই ছেলে দুই মেয়ে, ছেলে নাম মোহাম্মদ আলী, উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি, ওজন ৫০ কেজি, শ্যামলা এবং শনাক্ত করণের চিহ্ন হিসেবে বাম গালে ক্ষত, ডান গালে ক্ষত, ডান বাহুতে ক্ষত রয়েছে বলে উল্লেখ রয়েছে।
২৩ জুন গ্রেপ্তার সোনা মিয়ার পিতা নাম মৃত নজির আহমদ হলেও মাতার নাম মাহমুদা খাতুন, স্ত্রীর নাম জান্নাতুল ফেরদৌস, এক ছেলে, তিন মেয়ে, ছেলে ওমর ফারুক ও মেয়ে নাহিদা লেখা রয়েছে। উচ্চতা ৫ ফুট ১ ইঞ্চি, ওজন ৪২ কেজি, শ্যামলা এবং শনাক্ত করণের চিহ্ন হিসেবে ডান বাহুতে তিল, পেটের বামে তিল, পিঠের মাঝে তিল রয়েছে বলে উল্লেখ রয়েছে।
এই ঘটনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠেছে জামিন প্রক্রিয়া নিয়ে। কারণ পুলিশের অভিযোগপত্রেই যখন উল্লেখ করা হয়েছিল যে ‘সোনা মিয়ার নাম-ঠিকানা সঠিক নয়, তখন আদালতে সেই পরিচয়ের আসামির জামিন কীভাবে হলো—তা নিয়ে প্রশ্ন উঠেছে।
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. আব্দুল মান্নান জানান, মামলাটি দায়ের, আদালতে অভিযোগপত্র দাখিল সহ পুরো বিষয়ে তদন্তকারী কর্মকর্তার চরম গাফিলতি রয়েছে। কোনো এক ব্যক্তির জন্মনিবন্ধন নিয়ে অন্য কেউ ওই নামে পরিচয় দিলে তা বের করার দায়িত্ব পুলিশের তদন্তকারী কর্মকর্তার। এই মামলার ক্ষেত্রে সোনা মিয়ার প্রকৃত পরিচয় যাচাই করা যায়নি বলে অভিযোগপত্র দাখিল করে দায়হীনতা দেখিয়েছে। এমন কি ওই ব্যক্তির প্রকৃত নাম যে রমজান তাও বের করা হয়নি। নানা কৌশলে প্রকৃত আসামি জামিনে মৃক্ত, পালাতক, পরে মৃত্যুদণ্ডাদেশ হল। কিন্তু এক সোনা মিয়াকে খোঁজে বের রে কারাগারে পাঠানো হলো। সোনা মিয়া মৃত্যুদণ্ডাদেশের প্রহর গুণছেন। এর মধ্যে আবেদনের সংরক্ষিত ২০২০ সালের তথ্য এবং ২০২৬ সালের তথ্য মিলিয়ে দেখা গেল ভিন্নতা। আদালতের আদেশে সোনা মিয়ার নাম ব্যবহারকারী রমজান নামের ব্যক্তিকে আনা হল প্রকাশ্যে।
তিনি জানান, ১২ আগস্ট, বুধবার মামলাটি নিয়ে সোনা মিয়ার আবেদনের প্রেক্ষিতে দেয়া পুলিশ প্রতিবেদনের বিষয়ে আদেশটি প্রদান করেন। দ্রুত সময়ের মধ্যে সোনা মিয়া কারাগার থেকে বের হবেন।
বিষয়টি নিয়ে আলাপ হয়েছে সোনা মিয়ার স্ত্রী জান্নাতুল ফেরদৌসের সাথেও। তিনি জানান, তার নিজ বাড়ি মহেশখালী। আগে স্বামীকে নিয়ে কুতুবদিয়াপাড়া থাকলেও পরে চকরিয়ার ডুলহাজারায় চলে যান। কোনোদিন কোনো মামলা ছিল না সোনা মিয়ার, কারাগারেও যাননি। কিন্তু হঠাৎ করে র্যাব ধরে কারাগারে পাঠায়। এরপর জানা যায় ইয়াবা মামলার বিষয়টি।
তিনি জানান, সোনা মিয়া রোহিঙ্গা নন। রামুর মানুষ। কুতুবদিয়াপাড়ায় থাকতে রমজান নামের রোহিঙ্গার সাথে বন্ধুত্ব ছিল। ওই রমজানই ১ লাখ ৯০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছিল। এরপর তারা জানতেন রমজান কারাগারে আছে। কিন্তু ওই মামলায় স্বামীকে ফাঁসানোর হয়েছে। ন্যায় বিচার পাওয়া তিনি খুশি।
আদালতের আদেশে প্রতিবেদন দাখিলের সত্যতা স্বীকার করেছেন কক্সবাজার সদর থানার ওসি শেখ মোহাম্মদ আলী। তিনি বলেন, পুলিশ দীর্ঘ তদন্তে সোনা মিয়া নাম ব্যবহার করে রমজান নামের এই ব্যক্তি আয়নাবাজির ঘটনাটি ঘটিয়েছে তা উঠে এসেছে। আদালতের দেওয়া বুধবারের আদেশ এখনও হাতে পাওয়া যায়নি। পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



