পাইকগাছায় তুচ্ছ ঘটনায় প্রতিবন্ধী বৃদ্ধার মাথায় আঘাত, থানায় অভিযোগ
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০৫:২৭ পিএম
খুলনার পাইকগাছায় পুর্ব শত্রুতার জেরে তুচ্ছ ঘটনায় জহুরা বিবি (৬০) নামে প্রতিবন্ধী বৃদ্ধাকে লোহার রড ও লাঠিপেটা করে মারাত্মক জখম করা হয়েছে। এ ঘটনায় সোমবার রাতে পাইকগাছা থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রতিবন্ধী নিজেই।
অভিযোগে জানা যায়, গত ৮ আগস্ট দুপুর দেড়টার দিকে স্থানীয় প্রতিবেশী জালাল সরদারের পুকুরে গোসল করতে যান জহুরা বেগম। সেখানে তাকে দেখে আতিয়ার সরদারের ছেলে রণি সরদার (২২),খোদাবক্স সরদারের ছেলে আতিয়ার সরদার(৪৫) ও কালাম সরদার (৫০) তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন। এর প্রতিবাদ করায় প্রতিবন্ধী বৃদ্ধার কাছে থাকা ক্রেচ কেড়ে নিয়ে মাথায় আঘাত করে। এলোপাতাড়ি লাঠিপেটা করে। যাতে তার মাথার তালু ফেটে যায়। শরীরের বিভিন্ন অঙ্গে আঘাত প্রাপ্ত হন।
এসময় পরিবারের লোকেরা তাকে দ্রুত পাইকগাছা হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরে তিনি বাদী হয়ে উল্লিখিত প্রতিপক্ষদের নামে থানায় অভিযোগ করেন। এ বিষয়ে প্রতিপক্ষ আতিয়ার সরদার জানান, আমাকে ঐ মহিলা অকথ্য ভাষায় গালিগালাজ করে। এমন কী বলে আমার স্বামীর সাথে কথা বলতে দেখলে জুতাপেটা করা হবে।
এ কথা জানতে যায় বাড়ির মহিলারা। সেখানে মহিলারা এ ঘটনা ঘটায়। আমি কিছু জানি না। উল্লেখ্য জহুরা বেগম ১৫ বছর আগে তার ডান পা হাঁটু থেকে কেটে ফেলে প্রতিবন্ধী জীবন যাপন করছেন।
পাইকগাছা থানা অফিসার ইনচার্জ আওয়াল কবীর জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।



