মন্ত্রীর গ্রামের বাড়িতে ভাজা ইলিশ-রসমালাইয়ে আপ্লুত মার্কিন দূত
বরিশাল প্রতিনিধি
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৮:২৯ পিএম
বরিশাল সফরের দ্বিতীয় দিনে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের গ্রামের বাড়িতে মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। সোমবার (১০ আগস্ট) দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার সরিকল গ্রামের বাড়িতে এ আয়োজন করা হয়।
কূটনৈতিক ব্যস্ততা ও আনুষ্ঠানিকতার বাইরে এ মধ্যাহ্নভোজে বরিশালের মাটি, মানুষ ও স্থানীয় খাদ্যসংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পান মার্কিন রাষ্ট্রদূত। অতিথিকে স্বাগত জানাতে সাজানো হয় বরিশালের ঐতিহ্যবাহী নানা পদের খাবারের আয়োজন।
মধ্যাহ্নভোজের আগে তথ্যমন্ত্রীর বাড়ির আঙিনায় একটি গাছের চারা রোপণ করেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
তথ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমরানুল হাসান জানান, রাষ্ট্রদূতের জন্য দুপুরের খাবারে বরিশালের নিজস্ব খাদ্য ঐতিহ্যকে প্রাধান্য দেয়া হয়। পরিবেশন করা হয় ভাজা ইলিশ, আইড়সহ বিভিন্ন ধরনের মাছের পদ, নানা রকম ভর্তা-ভাজি এবং গ্রামবাংলার পরিচিত দেশীয় খাবার।
নদীমাতৃক বরিশালের খাদ্যসংস্কৃতিতে ইলিশের বিশেষ অবস্থান রয়েছে। সেই ঐতিহ্যকে সামনে রেখেই রাষ্ট্রদূতের জন্য মাছের বিভিন্ন পদ দিয়ে সাজানো হয় খাবারের টেবিল। ভর্তা-ভাজি ও দেশীয় খাবারের বৈচিত্র্যের মধ্য দিয়ে তুলে ধরা হয় বাঙালির চিরায়ত আতিথেয়তা ও বরিশালের আঞ্চলিক খাদ্যসংস্কৃতি।
মধ্যাহ্নভোজের শেষ পর্বেও ছিল স্থানীয় ঐতিহ্যের ছোঁয়া। মিষ্টান্ন হিসেবে পরিবেশন করা হয় গৌরনদীর বিখ্যাত শচীন ঘোষের রসমালাই ও দধিসহ বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী মিষ্টি।
স্থানীয় খাবার, ঐতিহ্যবাহী মিষ্টান্ন ও গ্রামীণ পরিবেশে আতিথেয়তার এ আয়োজন মার্কিন রাষ্ট্রদূতের বরিশাল সফরে ভিন্ন মাত্রা যোগ করে। আনুষ্ঠানিক কর্মসূচির বাইরে এ মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে তিনি বাংলাদেশের আঞ্চলিক খাদ্যসংস্কৃতি ও মানুষের অতিথিপরায়ণতার সঙ্গে আরও কাছ থেকে পরিচিত হওয়ার সুযোগ পান।



