নেত্রকোনায় কিশোরী ধর্ষণের অভিযোগ, কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেপ্তার
নেত্রকোনা প্রতিবেদক
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ১১:৩৩ পিএম
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ‘ভাইরাল’ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে নেত্রকোনা সদর উপজেলায় ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় করা মামলার প্রধান আসামি মো. রিপন মিয়া ৩৩ কে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার ৭ আগস্ট দুপুরে র্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৫ মিনিটে ময়মনসিংহের গৌরীপুর থানার মহিষারন অচিন্তপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রিপন পেশায় কনটেন্ট ক্রিয়েটর।
র্যাব ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরী ও রিপন একই এলাকার বাসিন্দা ও প্রতিবেশী। কনটেন্ট তৈরির কথা বলে রিপন ওই কিশোরীর অগোচরে ভিডিও ধারণ করতেন। পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করে দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় তাঁকে কুপ্রস্তাব দিতেন।
এরই ধারাবাহিকতায় গত ৩০ জুলাই রাত ৮টার দিকে ‘জরুরি কথা আছে’ বলে কিশোরীকে মগড়া নদীর উত্তর পাড়ে ডেকে নেন রিপন। সেখানে তাঁর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ।
এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে গত ৫ আগস্ট নেত্রকোনা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার পর থেকে রিপন আত্মগোপনে ছিলেন।
র্যাব-১৪ জানায়, ঘটনার পর থেকে তারা ছায়াতদন্ত ও নজরদারি শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪, সদর কোম্পানির একটি দল গৌরীপুরে অভিযান চালিয়ে পলাতক আসামিকে গ্রেপ্তার করে।
র্যাবের মিডিয়া অফিসার বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাবের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এটি করা হয়েছে।’ গ্রেপ্তারকৃতকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য নেত্রকোনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।



