Logo
Logo
×

সারাদেশ

নেত্রকোনা শহরে ভাড়া বাসা থেকে ইলেকট্রনিকস কোম্পানির কর্মীর মরদেহ উদ্ধার

Icon

নেত্রকোনা প্রতিবেদক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ১২:০৮ এএম

নেত্রকোনা শহরে ভাড়া বাসা থেকে ইলেকট্রনিকস কোম্পানির কর্মীর মরদেহ উদ্ধার

নেত্রকোনা শহরের একটি ভাড়া বাসার কক্ষ থেকে মো. আকাশ তালুকদার (৩০) নামে এক ইলেকট্রনিকস কোম্পানির কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যায় শহরের কুরপাড় এলাকার তিতাস নগরে এ ঘটনা ঘটে। মরদেহের গলায় বিদ্যুতের তার জড়ানো এবং শরীরে আঘাতের চিহ্ন থাকায় মৃত্যুর কারণ নিয়ে রহস্য তৈরি হয়েছে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা—সে বিষয়ে এখনই নিশ্চিত কিছু বলতে রাজি নয় পুলিশ।

নিহত আকাশ তালুকদার নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের দেশিউড়া গ্রামের মৃত সোরাব তালুকদারের ছেলে। তিনি শহরের সাতপাই এলাকায় জেলা পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ের সামনে অবস্থিত একটি ওয়ালটন শোরুমে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আকাশ তিতাস নগর এলাকায় মাহাবুল আলম মোহনের বাসায় ভাড়া থাকতেন। বৃহস্পতিবার সন্ধ্যায় একই বাসার অন্য ভাড়াটিয়ারা তাঁর কক্ষের মেঝেতে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

খবর পেয়ে নেত্রকোনা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ সময় খাটের পাশে মেঝেতে পড়ে থাকা মরদেহের গলায় বিদ্যুতের তার জড়ানো ছিল। পুলিশ ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, "এটি হত্যা নাকি আত্মহত্যা, তা এখনই বলা সম্ভব নয়। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের অগ্রগতি অনুযায়ী মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। সব সম্ভাবনা সামনে রেখেই তদন্ত চলছে।"

এ ঘটনায় নিহতের পরিবার ও সহকর্মীরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত রহস্য উদ্ঘাটনের দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন