জামিল হত্যা: শেরপুরে মানববন্ধন, পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে ক্ষোভ
শেরপুর (বগুড়া) প্রতিবেদক
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ১২:৫৯ পিএম
বগুড়ার শেরপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধ মীমাংসা করতে গিয়ে নিহত দশম শ্রেণির শিক্ষার্থী জামিল শেখ হত্যা মামলার পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, মামলার প্রধান আসামি গ্রেপ্তার হলেও অন্য আসামিরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, যা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তৈরি করেছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ৯টায় উপজেলার শেরুয়া দহপাড়া এলাকার সচেতন নাগরিক, শিক্ষার্থী ও এলাকাবাসীর ব্যানারে ধুনট মোড়ে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে নিহত জামিলের পরিবার, স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, অভিযুক্ত শাকিল, সাদ্দাম, শফিকুল ও সাগর ফকিরের সঙ্গে ফুটবল খেলাকে কেন্দ্র করে স্থানীয় কয়েকজনের বিরোধ সৃষ্টি হয়। সেই বিরোধ মেটাতে গিয়ে মেধাবী শিক্ষার্থী জামিল শেখ পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার হয়। তারা দাবি করেন, হত্যাকাণ্ডের আগে থেকেই আসামিরা জামিলকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল।
কর্মসূচিতে নিহত জামিলের মা রশিদা জাহান জনি আবেগঘন বক্তব্যে বলেন, “আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। মূল পরিকল্পনাকারী সাদ্দামসহ অন্য আসামিরা এখনো ধরাছোঁয়ার বাইরে। তারা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের গ্রেপ্তার করছে না।” তিনি সব আসামিকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
মানববন্ধনে নিহতের বাবা রফিকুল ইসলাম, মামাতো ভাই রাসেল মাহমুদ, স্থানীয় বাসিন্দা মোস্তাকিম রহমান, সাবেক ইউপি সদস্য আসাদুজ্জামান আসাদ ও আব্দুর রাজ্জাক বক্তব্য দেন। বক্তারা অবিলম্বে পলাতক আসামিদের গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত এবং দ্রুত বিচার সম্পন্ন করার দাবি জানান।
মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থী ও এলাকাবাসী বলেন, এমন নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করা না হলে সমাজে অপরাধ প্রবণতা আরও বাড়বে। তাই তারা দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
এ বিষয়ে জানতে চাইলে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, “মামলার প্রধান আসামিকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”



