জুলাই অভ্যুত্থান কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দলের নয়: খায়রুল কবির খোকন
নরসিংদী প্রতিবেদক
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০৭:১৫ পিএম
বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, জুলাই অভ্যুত্থান কোনো ব্যক্তি, গোষ্ঠী বা কোনো দলের নয়। এটা এই দেশের সাধারণ জনগণের রক্ত ও আত্মত্যাগের ফসল। আমরা জাতীয় জুলাই সনদে সই করেছি, এটিও আমরা অক্ষরে অক্ষরে দাড়ি, কমা, সেমিকোলনসহ আমরা বাস্তবায়ন করার অঙ্গীকার ব্যক্ত করেছি। জুলাই সনদে সবচেয়ে বেশি আমাদের ত্যাগ হয়েছে। অথচ এখন কেউ কেউ শেষ মুহূর্তে এসে এই আন্দোলনকে নিজেদের স্বার্থে কুক্ষিগত ও পুঁজি করার চেষ্টা করছেন।
বুধবার (৫ আগস্ট) দুপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নরসিংদী শিল্পকলা একাডেমিতে আয়োজিত জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিগত ফ্যাসিস্ট সরকারের উদাহরণ টেনে তিনি বলেন, "স্বাধীনতা ও চেতনার ব্যবসা করে স্বৈরাচারী সরকারের কী পরিণতি হয়েছে, তা সবার জানা। তারা শুধু ক্ষমতাচ্যুতই হয়নি, দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
দুই মাসের আন্দোলনের ওপর ভর করে যারা জুলাই অভ্যুত্থান নিয়ে রাজনীতি করতে চাচ্ছেন, তাদের উদ্দেশ্য করে তিনি বলেন, আন্দোলনে যারা মুখ্য ভূমিকা পালন করেছেন, তাদের প্রতি আমাদের সর্বোচ্চ সম্মান রয়েছে। তাদের সাথে আমাদের কোনো বিরোধ বা বিভেদ নেই। তাদেরকে সর্বোচ্চ সম্মান আমরা দিতে চাই।
নরসিংদী জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, নরসিংদী-৩ শিবপুর আসনের সংসদ সদস্য মনজুর এলাহী, নরসিংদী-৫ রায়পুরা আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুল, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক, সিভিল সার্জন ডা. বুলবুল কবীর, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মাখন দাস সহ জুলাই আন্দোলনে শহীদদের পরিবারের সদস্য ও আহতরা।
এর আগে সকালে নরসিংদী পৌর পার্কে জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে ফুলের শ্রদ্ধা জানান নরসিংদীর সংসদ সদস্যরা, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, নরসিংদী প্রেস ক্লাব সহ সর্বস্তরের মানুষ।



