Logo
Logo
×

সারাদেশ

কলমাকান্দায় অবৈধ বালু উত্তোলনের সময় দুই নৌকার চাপায় শ্রমিকের মৃত্যু

Icon

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০৬:২৪ পিএম

কলমাকান্দায় অবৈধ বালু উত্তোলনের সময় দুই নৌকার চাপায় শ্রমিকের মৃত্যু

নেত্রকোনার কলমাকান্দায় মহাদেও নদে অবৈধভাবে বালু উত্তোলনের সময় দুই নৌকার মাঝে চাপা পড়ে রিফাত (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার রংছাতী ইউনিয়নের বরুয়াকোনা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রিফাত সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার গন্দিরগাঁও গ্রামের সেকুল মিয়ার ছেলে। জীবিকার তাগিদে তিনি মহাদেও নদে বালু উত্তোলনের কাজে যুক্ত ছিলেন।

স্থানীয় বাসিন্দা ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, মহাদেও নদে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন চলছে। বুধবার সকালে পাশাপাশি থাকা দুটি নৌকায় বালু তোলার সময় রিফাত দুই নৌকার মাঝে চাপা পড়ে গুরুতর আহত হন। সহকর্মীরা তাঁকে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জরুরি বিভাগের চিকিৎসক ডা. শৌভিক শ্রাবণ দত্ত বলেন, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অবৈধ বালু উত্তোলন বন্ধে পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে। তবে নদীপথে পর্যাপ্ত নৌযান না থাকায় অভিযান পরিচালনায় সীমাবদ্ধতা রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন. এম. আবদুল্লাহ আল মামুন বলেন, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে। সম্প্রতি একাধিক অভিযানে জরিমানা, কারাদণ্ড এবং নৌকা জব্দ করা হয়েছে।

এর আগে গত ২৫ জুলাই মহাদেও নদে অবৈধ বালু উত্তোলন নিয়ে 'আদালতের নিষেধাজ্ঞার তোয়াক্কা নেই: মহাদেও নদে দিন-রাত চলছে বালু লুট' শিরোনামে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে নদীভাঙন, পরিবেশের ক্ষতি এবং প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে বালু উত্তোলনের চিত্র তুলে ধরা হয়েছিল। সেই প্রতিবেদন প্রকাশের ১১ দিনের মাথায় একই নদীতে বালু উত্তোলনের কাজে যুক্ত এক শ্রমিকের মৃত্যু ঘটল।

স্থানীয়দের অভিযোগ, অভিযান পরিচালনা হলেও অবৈধ বালু উত্তোলনের মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। তাঁদের দাবি, শ্রমিকের মৃত্যু শুধু একটি দুর্ঘটনা নয়; অবৈধ বালু উত্তোলন নিয়ন্ত্রণে ব্যর্থতারও একটি করুণ পরিণতি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন