Logo
Logo
×

সারাদেশ

কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্কের জেরে সালিশে কনটেন্ট ক্রিয়েটর রিপন, ভিডিও ভাইরাল

Icon

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ০৩:০০ পিএম

কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্কের জেরে সালিশে কনটেন্ট ক্রিয়েটর রিপন, ভিডিও ভাইরাল

নেত্রকোনা সদর উপজেলার নন্দুরা গ্রামে ১৫ বছর বয়সী এক কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়ানোর অভিযোগে স্থানীয়দের হাতে আটক হয়েছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া, যিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘রিপন ভিডিও’ নামে পরিচিত। পরে স্থানীয় সালিশে তাকে ৫ লাখ টাকা জরিমানা এবং গ্রাম ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করেছেন এলাকাবাসী।

অভিযুক্ত রিপন মিয়া সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্র জানায়, কিছুদিন আগে তিনি নন্দুরা গ্রামে জমি কিনে বাড়ি নির্মাণ করে পরিবারসহ বসবাস শুরু করেন।

গ্রামবাসীর অভিযোগ, সম্প্রতি নন্দুরা গ্রামের এক ১৫ বছর বয়সী কিশোরীর সঙ্গে রিপন মিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। সোমবার (৩ আগস্ট) বিকেলে স্থানীয়রা তাদের আপত্তিকর অবস্থায় দেখতে পান বলে দাবি করেন। পরে তাকে আটক করে স্থানীয়ভাবে সালিশের আয়োজন করা হয়। সালিশে ৫ লাখ টাকা জরিমানা এবং অবিলম্বে নন্দুরা গ্রাম ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে স্থানীয়রা জানান।

স্থানীয় সূত্রের দাবি, এর আগেও স্ত্রী-সন্তানের পরিচয় গোপন রাখা এবং বৃদ্ধ বাবা-মায়ের দেখাশোনা না করার অভিযোগ উঠেছিল রিপন মিয়ার বিরুদ্ধে। সে সময় বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হলে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে মায়ের কাছে ক্ষমা প্রার্থনা করেছিলেন।

এদিকে, ঘটনাটি বিএনপির স্থানীয় দলীয় কার্যালয়ে সালিশের মাধ্যমে নিষ্পত্তির চেষ্টা করায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকের মতে, যেহেতু অভিযোগে একজন নাবালিকা জড়িত, তাই বিষয়টি গ্রাম্য সালিশে নিষ্পত্তি না করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করে প্রচলিত আইনি প্রক্রিয়ায় তদন্ত করা উচিত ছিল। তবে অন্য একটি পক্ষের দাবি, স্থানীয় বিরোধ মীমাংসার অংশ হিসেবেই সালিশের আয়োজন করা হয়েছে।

এ বিষয়ে রিপন মিয়ার বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। ফলে অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

এ ছাড়া এ বিষয়ে সংশ্লিষ্ট থানার কোনো মামলা বা পুলিশি পদক্ষেপের তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন