রোহিঙ্গা সংকটে যুক্তরাষ্ট্র সহায়তা নিয়ে বাংলাদেশের পাশে থাকার প্রত্যয় জানালেন সার্জিও গোর
কক্সবাজার প্রতিবেদক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০৮:০২ পিএম
অতীতের মত ভবিষ্যতেও রোহিঙ্গা সংকটে যুক্তরাষ্ট্র সহায়তা নিয়ে বাংলাদেশের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর।
কক্সবাজারে আশ্রিত মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গা নাগরিকদের পরিস্থিতি সরেজমিন পরিদর্শনকালে এমন প্রত্যয় ব্যক্ত করার তথ্য জানিয়েছেন
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান।
পরিদর্শনকালে সার্জিও গোর এবং তার সাথে থাকা প্রতিনিধিদের কেউ্ কেউ গণমাধ্যমের সাথে কথা বলেননি। তবে শুক্রবার বিকালে রোহিঙ্গা ক্যাম্পে গণমাধ্যমের মুখোমুখি হন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান।
এসময় তিনি বলেছেন, গত কয়েক বছর ধরে আন্তর্জাতিকভাবে রোহিঙ্গাদের সহায়তার পরিমান অনেক কমে এসেছে। এমন পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের রোহিঙ্গা ক্যাম্প সফর আশার সঞ্চার করেছে। সরেজমিন পরিদর্শনে আসা যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের নেতৃত্বে উচ্চ পর্যায়ের ১৪ সদস্যের মার্কিন প্রতিনিধি দলের সাথে ক্যাম্প সংশ্লিষ্টদের বৈঠক হয়েছে। যেখানে সহায়তার আশ্বাস দেন প্রতিনিধিদলের প্রধান সার্জিও গোর।
শুক্রবার বেলা ১২ টার দিকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছে মার্কিন প্রতিনিধি দলটি।
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের নেতৃত্বে উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দলে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনও ছিলেন।
কক্সবাজার বিমানবন্দর থেকে দলটির সদস্যরা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে রওনা দেন। দুপুর দেড়টার টার দিকে উখিয়া উপজেলা সদরে পৌঁছার পর নর্থ এন্ড ক্যাফে চা-বিরতিতে অংশ নেন। পরে দুপুর ২ টার দিকে প্রতিনিধি দলটি উখিয়ার ৮-ডব্লিউ রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান। ক্যাম্পটির ওয়াচ টাওয়ার থেকে রোহিঙ্গা ক্যাম্পের পরিস্থিতি পর্যবেক্ষন করেন মার্কিন প্রতিনিধি দলের সদস্যরা। প্রায় ২০ মিনিটের মত সেখানে পর্যবেক্ষন শেষে ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বিডিআরসিএস পরিচালিত হাসপাতালের চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করেন। এসময় হাসপাতালের রোগী, নার্স ও চিকিৎসকের সাথে কথা বলেন।
এরপর বিকাল সাড়ে ৩ টার দিকে উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দলটি উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ইউএনএইচসিআর পরিচালিত রেজিস্টেশন সেন্টার পরিদর্শনে যান। সেখানে দলটির সদস্যরা কার্যক্রমের খোঁজ খবর নেন এবং সংস্থাটির সংশ্লিষ্টদের সাথে আলাপ করেন। পরে বিকাল সোয়া ৪ টার দিকে উখিয়ার ৪-এক্সটেনশন নম্বর রোহিঙ্গা ক্যাম্পে মার্কিন প্রতিনিধি দলটির সদস্যরা জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচী ( ডব্লিউএফপি ) পরিচালিত খাদ্য বিতরণ কেন্দ্রে যান। সেখানে তারা খাদ্য বিতরণ কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি রোহিঙ্গাদের সাথে কথা বলেন এবং সংস্থাটির সংশ্লিষ্টদের সাথেও আলাপ করেন।
রোহিঙ্গা ক্যাম্পে সার্বিক পরিদর্শন কার্যক্রম শেষে বিকাল পৌণে ৫ টায় উখিয়া উপজেলা সদরের নর্থ এন্ড ক্যাফে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে বৈঠকে মিলিত হন।
বৈঠক শেষে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান সাংবাদিকদের বলেছেন, রোহিঙ্গা সংকটের শুরু থেকে মার্কিন যুক্তরাষ্ট্র সর্বোচ্চ দাতা দেশ হিসেবে সহায়তা করে আসছে। মূলত যুক্তরাষ্ট্রের দেয়া অনুদানগুলো কিভাবে রোহিঙ্গাদের সহায়তা কার্যক্রমে ব্যবহৃত হচ্ছে তা সরেজমিন দেখতে মার্কিন প্রতিনিধি দলের এই সফর। ক্যাম্পে পরিদর্শন প্রতিনিধি দলের সদস্যরা বাংলাদেশের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।
এদিকে মার্কিন প্রতিনিধিদলের সফরকে ঘিরে স্বদেশে ফিরতে জাতিসংঘ সহ আন্তর্জাতিক মহলের তত্ত্বাবধানে মর্যাদার ও নিরাপত্তার সাথে প্রত্যাবাসনের দাবি জানিয়েছেন রোহিঙ্গারা। এসময় তারা সড়কের পাশে দাঁড়িয়ে প্লেকার্ড প্রদর্শন করে নানা দাবি জানান।
রোহিঙ্গারা বলছেন, নিরাপত্তার সাথে মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের নিশ্চয়তা পেলে স্বদেশে ফিরে যাবেন।
সন্ধ্যায় প্রতিনিধি দলটি ঢাকার উদ্দেশ্যে রওনা হন।



