Logo
Logo
×

সারাদেশ

নাসিকে ১০৬০ কোটি ৯৯ লাখ ৭৫ হাজার ১১২ টাকার বাজেট ঘোষণা

Icon

নারায়ণগঞ্জ প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০২:৩৩ পিএম

নাসিকে ১০৬০ কোটি ৯৯ লাখ ৭৫ হাজার ১১২ টাকার বাজেট ঘোষণা

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে ২০২৬-২০২৭ অর্থবছরের রাজস্ব ও উন্নয়নসহ মোট ১০৬০ কোটি ৯৯ লক্ষ ৭৫ হাজার ১১২ টাকার বাজেট ঘোষণা করেন প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। 

বৃহস্পতিবার ( ৩০ জুলাই) সকাল ১১টায় নগর ভবনের অডিটোরিয়ামে এ বাজেট ঘোষণা করা হয়। যা বিগত বাজেট থেকে মোট ২৮৫ কোটি ৬৫ লক্ষ ৯৬ হাজার ৯৫৪ টাকা বেশি। প্রস্তাবিত বাজেটে রাজস্ব ও উন্নয়ন খাতে মোট ১০৬০ কোটি ৯৯ লক্ষ ৭৫ হাজার ১১২ টাকা আয় এবং মোট ৯৩০ কোটি ৭৫ লক্ষ ৪২ হাজার ৪০২ টাকা ব্যয় ধরা হয়েছে। বছর শেষে ঘোষিত বাজেটে ১৩০ কোটি ২৪ লক্ষ ৩২ হাজার ৭১০ টাকা উদ্বৃত্ত থাকবে। এই বাজেটে নতুন করে কোনো কর আরোপ করা হয়নি। বরং যেসকল হোল্ডিং মালিকগণ ছাদ বাগান করে তার ছবিসহ আবেদন করলে ২৭% কর ছাড়ের অতিরিক্ত ২% কর ছাড় সুবিধা গ্রহণ করতে পারবে।

অবকাঠামো উন্নয়ন যথা- রাস্তা, ড্রেন নির্মাণ ও পুনর্নির্মাণ, পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন, খাল খনন, প্রাথমিক স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সংস্কৃতির প্রসার, ক্রীড়া উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, মশক নিধন ও ডেঙ্গু নিয়ন্ত্রণ, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ, বৃক্ষরোপণ, যানজট নিরসন, সড়ক বাতির উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা ও জরুরি ত্রাণ এবং তথ্য-প্রযুক্তি নির্ভর নাগরিক সুবিধাদি ও সেবার মান উন্নয়নসহ বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের সাথে সঙ্গতিপূর্ণ প্রকল্পকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাজেট প্রণয়ন করা হয়েছে।

বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বিদ্যমান পানিসরবরাহ ব্যবস্থার উন্নতিকরণে ২০ কিমি: পানির সঞ্চালন পাইপলাইন (Transmission Line) ও ২৮০ কিমি: বিতরণ পানির পাইপ লাইন স্থাপন, ১৪টি DMA (District Metered Area) স্থাপন, ৩৫০০০ সংখ্যক হোল্ডিং-এ পানি সরবরাহ লাইন ও Smart মিটার সংযোগকরণ, ৩৫ কিমি ড্রেন নির্মাণ/পুনর্নির্মাণ, ৫ হেক্টর ভূমিতে পার্ক, খেলার মাঠ, গণপরিসর (Open Space) ও কমিউনিটি সেন্টার নির্মাণসহ নগরবাসীর স্বাস্থ্য, পরিবেশগত উন্নয়ন, সামাজিক সংহতি, কমিউনিটি সংশ্লিষ্টতা, যুবসমাজের তারুণ্যের বিকাশ এবং সর্বোপরি অর্থনৈতিক ও জীবনমান উন্নয়নে খেলার মাঠ, পার্ক নির্মাণ, গণপরিসর এবং কমিউনিটি সেন্টার নির্মাণ করা হবে। সুপেয় পানি সরবরাহের জন্য ২৭ নং ওয়ার্ডে ২টি পাম্প স্থাপন করা হয়েছে এবং ২৬ নং ওয়ার্ডে ২টি পাম্প স্থাপনের কাজ চলমান রয়েছে। ২৭টি ওয়ার্ডে ২টি করে মোট ৫৪টি পাম্প স্থাপিত হবে। এছাড়াও অবকাঠামো নির্মাণ ও পুনর্নির্মাণ, বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ এবং সিটি কর্পোরেশনের আওতাধীন খাল, পুকুর ও গণপরিসর পুনরুদ্ধারসহ সংস্কারের মাধ্যমে সংরক্ষণের জন্য বাজেটে বরাদ্দ রাখা হয়েছে। ইতোমধ্যে ঐতিহ্যবাহী দেওভোগ জিউস পুকুর ও ৬.৬৬ কি.মি. খাল পুনরুদ্ধার করে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বর্জ্য অপসারণ করা হয়েছে। উদ্ধারকৃত জিউস পুকুরের চারপাশে সৌন্দর্যবর্ধন ও বৃক্ষরোপণ করা হবে। শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণসহ অন্যান্য উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের জন্য বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ আছে। খেলাধুলার মানোন্নয়নে মাঠ উন্নয়নের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এলজিইডির আওতায় ৫ নং গুদারাঘাটের নিকট শীতলক্ষ্যা নদীর উপর কদমরসুল ব্রিজ নির্মাণ কাজ চলমান রয়েছে এবং পশ্চিম পাশে অতিরিক্ত ২টি র‍্যাম্প নির্মাণের জন্য স্থানীয় সরকার বিভাগে প্রস্তাব প্রেরণ করা হয়েছে।

শহরকে যানজট মুক্ত করার লক্ষ্যে সকল শ্রেণি-পেশার অংশীজনের মতামতের ভিত্তিতে বিবি রোডসহ নগরীর গুরুত্বপূর্ণ সড়ক হতে হকার উচ্ছেদ করা হয়েছে এবং বিকল্প স্থানে তাদের পুনর্বাসনের জন্য কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এছাড়াও মহিলা কলেজের সম্মুখে রাস্তায় অবৈধ দখল উচ্ছেদ করে যানচলাচল স্বাভাবিক করা হয়েছে। শহরের যানজট নিরসনের লক্ষ্যে ২ নং রেল গেইট হতে সরকারি মহিলা কলেজ পর্যন্ত বিকল্প সড়ক নির্মাণের জন্য ইতোমধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে। সড়কটি বাস্তবায়িত হলে নগরীর যানজট অনেকাংশে হ্রাস পাবে।

প্রধানমন্ত্রী ঘোষিত ক্লিন ও গ্রিন সিটি গড়ার লক্ষ্যে নগরীর প্রত্যেকটি আবাসিক ভবনে বিন সরবরাহ করা হবে। ইতোমধ্যে ৩৫০০০ বিন সরবরাহের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং স্বাস্থ্যসম্মত উপায়ে সংগ্রহ ও অপসারণের জন্য জালকুড়িতে স্থায়ী ডাম্পিং গ্রাউন্ড এর নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। পাশাপাশি কদমরসুল অঞ্চলে কঠিন বর্জ্য ব্যবস্থাপনার জন্য ৬৬ একর ৫৫ শতাংশ ভূমি অধিগ্রহণ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জ হতে দখলনামা পাওয়া গেছে। দ্রুতই সেখানে বাউন্ডারি ওয়াল নির্মাণের কাজ শুরু হবে। পরিচ্ছন্নকর্মীদের জন্য ঋষিপাড়া ও ইসদাইরে ৩৬৯টি ফ্ল্যাট নির্মাণ সম্পন্ন করে তাদের হস্তান্তর করা হয়েছে এবং টানবাজারে ১৮০টি ফ্ল্যাট নির্মাণ কাজ চলমান রয়েছে।

সকল ধর্মের প্রতি সম্মান প্রদর্শনস্বরূপ ১৫ নং ওয়ার্ডে পুরান কোর্ট মসজিদটি মডেল মসজিদ হিসাবে পুনর্নিমাণ করা হবে। ১৬ নং ওয়ার্ড সংলগ্ন নাগবাড়িতে হিন্দু সম্প্রদায়ের উপাসনার জন্য সাধু নাগ মহাশয় মন্দির নির্মাণ ও পুনর্নির্মাণের কাজ চলমান আছে এবং ১৪ নং ওয়ার্ডে জিউস পুকুর সংলগ্ন শ্রী শ্রী গৌর নিতাই মন্দিরটি মডেল মন্দির হিসাবে পুনর্নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়াও খ্রিষ্টান ধর্মালম্বীদের ব্যাপটিস্ট চার্চ প্রয়োজনীয় সংস্কার করে দেওয়া হবে।

ডেঙ্গু ও চিকুনগুনিয়া মোকাবেলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন গৃহীত পদক্ষেপ অবহিতকরণসহ বাড়ি-ঘর ও আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যেন পানি জমে এডিস মশার বংশ বিস্তার ঘটতে না পারে সে বিষয়ে নগরবাসীকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান।

জুলাই গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন আওতাধীন এলাকায় শহিদদের আত্মত্যাগের স্থানে তাদের নাম খচিত ৩০টি "স্ট্রিট মেমোরি স্ট্যাম্প" স্থাপন কাজ চলমান রয়েছে। এছাড়া শহিদদের জন্য বিভিন্ন ওয়ার্ডে ০৪টি কবর সংরক্ষণসহ উন্নয়ন কাজ চলমান আছে।

সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মসূচির আওতায় মহিলা অধিদপ্তরের মাধ্যমে ল্যাকটেটিং মাদার সহায়তা ভাতা, সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের অনুদান প্রদান এবং সিটি কর্পোরেশনের নিজস্ব তহবিল হতে সঞ্চয় ও ক্ষুদ্র ঋণ পরিচালনা করছে। এছাড়া, টিসিবি স্মার্ট মাধ্যমে স্বল্প আয়ের মানুষের নিকট সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রয় করা হচ্ছে। সরকারের প্রতিশ্রুতির অংশ হিসাবে ফ্যামিলি কার্ড প্রদানের লক্ষ্যে মাঠ পর্যায়ে জরিপ কাজ চলমান রয়েছে।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে সকল শ্রেণির পেশার মানুষ উপস্থিত থেকে তাদের মূল্যবান মতামত ও পরামর্শ প্রদান করায় সকলের প্রতি তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। প্রশাসক মহোদয় সকল কাজে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন এবং নারায়ণগঞ্জকে City Vision হিসেবে পরিবেশবান্ধব, যানজটমুক্ত, Green & Clean, স্বাস্থ্যকর, নিরাপদ এবং দারিদ্রমুক্ত, পরিকল্পিত নগর গঠনে সময়মতো হোল্ডিং ট্যাক্স, পানির বিলসহ সকল ফি পরিশোধ করে নগরীর উন্নয়ন কার্যক্রমে ভূমিকা রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করেন।

এসময় উপস্থিত ছিলেন, নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সচিব (উপসচিব) মো. নূর কুতুবুল আলম, নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি এড.আবুল কালাম, এমপি আজহারুল ইসলাম মান্নান, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও নগরবাসী।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন