Logo
Logo
×

সারাদেশ

হবিগঞ্জে ১৪৪ ধারা প্রত্যাহার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ১১:১২ এএম

হবিগঞ্জে ১৪৪ ধারা প্রত্যাহার

হবিগঞ্জ পৌর এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় গত ২৯ জুলাই জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করে নিয়েছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (৩০ জুলাই) জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ এ আদেশ জারি করেন।

আদেশে বলা হয়েছে, গত ২৯ জুলাই পৌর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ১৪৪ ধারা জারি করা হয়েছিল। পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে পৌর এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। জনশান্তি ও জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আর কোনো আশঙ্কা না থাকায় জনস্বার্থে জারিকৃত ১৪৪ ধারার আদেশটি প্রত্যাহার করা হয়েছে।

এর আগে, বুধবার (২৯ জুলাই) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মী ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে হবিগঞ্জে দিনভর চরম উত্তেজনা বিরাজ করে। এনসিপির শীর্ষ নেতাদের বহনকারী বহরটিকে শহরের বাইরে আটকে দেয় পুলিশ।

বুধবার বিকেল সাড়ে ৪টায় এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারী ও মাহমুদা মিতুসহ অন্য নেতারা মৌলভীবাজার থেকে হবিগঞ্জের উদ্দেশে রওনা হন। পথে শ্রীমঙ্গলে প্রথমবার পুলিশের ব্যারিকেডের মুখে পড়েন তারা। বাধা অতিক্রম করে এগোলেও বাহুবল উপজেলার কামাইছড়া ও মিরপুর এলাকায় পুলিশের করা দ্বিতীয় ব্যারিকেডের সামনে পড়ে তাদের বহর। সড়কে ট্রাক আড়াআড়িভাবে রেখে তাদের প্রবেশ পথ সম্পূর্ণ বন্ধ করে দেয়া হয়।

দীর্ঘ চার ঘণ্টা অপেক্ষার পর হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা বহাল থাকার অজুহাত দেখিয়ে পুলিশ তাদের শহরে ঢুকতে দেয়নি। এ সময় পুলিশের ওপর ক্ষোভ প্রকাশ করেন এনসিপি নেতারা।

শহরে ঢুকতে না পেরে রাত ৮টার দিকে এনসিপি নেতারা বাহুবল উপজেলার কামাইছড়া পুলিশ তদন্ত কেন্দ্রে অবস্থান নেন। সেখানে মঙ্গলবারের হামলায় আহত হওয়ার ঘটনায় একটি লিখিত অভিযোগ জমা দেন তারা।

জেলা যুবশক্তির আহ্বায়ক তন্ময় তাহেরের করা এই অভিযোগে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমদ রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ১০০ জনকে আসামি করা হয়।

পুলিশ সুপার তারেক মাহমুদ জানান, অভিযোগটি হাতে লেখা হওয়ায় সেটি গ্রহণ করে যাচাই-বাছাইয়ের জন্য হবিগঞ্জ সদর থানায় পাঠানো হবে। তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা-২০২৬’ শেষ করে ফেরার পথে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এতে সারজিস আলমসহ অন্তত ১০ জন আহত হন। এই ঘটনার প্রতিবাদে বুধবার এনসিপি এবং একই দিনে জেলা ছাত্রদল ও বিএনপি পৃথক কর্মসূচি ঘোষণা করলে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। ফলে আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন সকাল থেকেই পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন