ছোনকা আন্ডারপাসে অবৈধ দোকান উচ্ছেদ, সিএনজি পার্কিংমুক্ত করল হাইওয়ে পুলিশ
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৭:৫০ পিএম
বগুড়ার শেরপুর উপজেলার ছোনকা আন্ডারপাস ব্রিজের নিচে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ এবং সিএনজি অটোরিকশার অবৈধ পার্কিং অপসারণ করেছে শেরপুর হাইওয়ে থানা পুলিশ।
বুধবার (২৯ জুলাই) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আইয়ুব আলী।
অভিযানে ব্রিজের নিচে ও সংলগ্ন এলাকায় গড়ে ওঠা কাঁচামাল, আখ, আনারস, চা ও রুটির দোকানসহ বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। একই সঙ্গে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করা সিএনজি অটোরিকশার অবৈধ পার্কিং সরিয়ে দেওয়া হয়। এতে আন্ডারপাস এলাকায় যান চলাচল স্বাভাবিক হয় এবং জনদুর্ভোগ কমে আসে।
অভিযান চলাকালে দুপুর ১২টার দিকে মজুমদার কোম্পানির ছাই বহনকারী দুটি ট্রাক উল্টো পথে প্রবেশের চেষ্টা করলে স্থানীয়রা প্রতিবাদ জানান। এ সময় হাইওয়ে পুলিশ তাৎক্ষণিক হস্তক্ষেপ করে ট্রাক দুটি ফিরিয়ে দেয় এবং চালকদের সঠিক পথে চলাচলের নির্দেশনা দেয়।
শেরপুর হাইওয়ে থানার ওসি আইয়ুব আলী বলেন, আজ অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। পরবর্তীতে কেউ পুনরায় ব্রিজের নিচে অবৈধভাবে দোকান বসানোর চেষ্টা করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে ছোনকা আন্ডারপাসের নিচে অবৈধ দোকানপাট ও সিএনজি পার্কিংয়ের কারণে যানজট, দুর্ঘটনার ঝুঁকি এবং জনভোগান্তি সৃষ্টি হচ্ছিল। হাইওয়ে পুলিশের এই অভিযানে তারা সন্তোষ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।



