Logo
Logo
×

সারাদেশ

নেত্রকোণায় ১২৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি ললিতাসহ গ্রেপ্তার ৩

Icon

নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৯:৩৯ পিএম

নেত্রকোণায় ১২৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি ললিতাসহ গ্রেপ্তার ৩

নেত্রকোণায় অভিযান চালিয়ে প্রায় সাড়ে ১২ লাখ টাকা মূল্যের ১২৫ গ্রাম হেরোইনসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয় নেত্রকোণা। গ্রেপ্তারদের মধ্যে একাধিক মাদক মামলার আসামি হিসেবে পরিচিত ললিতা আক্তার (৪৫) রয়েছেন।

সোমবার (২৭ জুলাই) সকাল ৬টা থেকে বেলা ১১টা ১০ মিনিট পর্যন্ত নেত্রকোণা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের হেনা ইসলাম কলেজের পূর্বপাশে নেত্রকোণা-ময়মনসিংহ সড়কে, সদর উপজেলার গরুহাট্টা এলাকায় এবং বারহাট্টা উপজেলার গোপালপুর গ্রামে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় নেত্রকোণার সহকারী পরিচালক মো. নাজমুল হকের নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রথমে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় ১২৫ গ্রাম হেরোইনসহ রাজশাহীর মতিহার থানার ধরমপুর এলাকার মো. সাগর আহমদ (৩৮)কে আটক করা হয়।

পরে সাগরের দেওয়া তথ্যের ভিত্তিতে নেত্রকোণা সদর উপজেলার গরুহাট্টা এলাকার মো. মাসুদ (৪২) এবং বারহাট্টা উপজেলার গোপালপুর গ্রামের ললিতা আক্তার (৪৫)কে গ্রেপ্তার করা হয়। ডিএনসির দাবি, গ্রেপ্তার তিনজন দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। ললিতা আক্তারের বিরুদ্ধে এর আগে সাতটি মাদক মামলা রয়েছে।

অভিযানে একটি পলিপ্যাকেটে রাখা ১২৫ গ্রাম হেরোইন, মাদক বিক্রয়ে ব্যবহৃত দুটি বাটন মোবাইল ফোন (সিমসহ) এবং একটি যাত্রীবাহী বাসের টিকিট জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত আলামতের আনুমানিক অবৈধ বাজারমূল্য ১২ লাখ ৫৫ হাজার টাকা।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. নাজমুল হুদা বাদী হয়ে নেত্রকোণা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় নেত্রকোণার সহকারী পরিচালক মো. নাজমুল হক বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন