সাইবার অপরাধ মামলায় শেরপুর থেকে ব্যবসায়ী গ্রেপ্তার
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০২:২৫ পিএম
বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের আমিনপুর কেরানী বাজারে অভিযান চালিয়ে সাইবার অপরাধের একটি মামলায় মো. আমিনুল ইসলাম (৩৫) নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিএমপি সাইবার অপরাধ বিভাগের একটি বিশেষ দল।
রোববার (২৬ জুলাই) বিকেলে কেরানী বাজারে অভিযুক্ত আমিনুল ইসলামের ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে তাকে আটক করা হয়। এ সময় মো. ফারুক হোসেন (পিতা: আব্দুস সোবহান) নামে অপর একজন আটকের পর অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা না পাওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
সোমবার (২৭ জুলাই) ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ডিবির সদস্যরা বিকেল প্রায় ৫টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত আমিনুল ইসলামের মোবাইলে বিকাশে লেনদেন করা ব্যবসায়িক প্রতিষ্ঠানে তল্লাশি চালান। এ সময় দোকানে ব্যবহৃত বিভিন্ন মোবাইল সিম পরীক্ষা-নিরীক্ষা করা হয় এবং বেশ কয়েকটি সিম জব্দ করা হয়।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন জানান, ঢাকা ডিবি হেডকোয়ার্টারের একটি বিশেষ টিম আমিনপুর কেরানী বাজারে অভিযান পরিচালনা করে এবং তাদের অভিযানে স্থানীয় থানা প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করে।
এ বিষয়ে ডিএমপি সাইবার অপরাধ বিভাগের কর্মকর্তা মো. মহসীন সরকার জানান, ঢাকার কলাবাগান থানায় দায়ের হওয়া সাইবার ক্রাইম-২০২৬ সালের ৭ নম্বর মামলার এজাহারে আমিনুল ইসলামকে আসামি করা হয়েছে। ওই মামলায় সাইবার নিরাপত্তা আইন, ২০২৩-এর ২২, ২৪ ও ২৭ ধারায় তার বিরুদ্ধে অভিযোগ থাকায় তাকে বগুড়ার শেরপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।
ধারাগুলোর সংক্ষিপ্ত বিশ্লেষণ
ধারা ২২: কম্পিউটার বা ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে প্রতারণা বা জালিয়াতির সঙ্গে সংশ্লিষ্ট অপরাধ।
ধারা ২৪: পরিচয় গোপন বা অন্যের পরিচয় ব্যবহার করে ডিজিটাল মাধ্যমে অপরাধ সংঘটনের অভিযোগসংক্রান্ত বিধান।
ধারা ২৭: ডিজিটাল বা সাইবার ব্যবস্থার অপব্যবহারের মাধ্যমে সংঘটিত অন্যান্য শাস্তিযোগ্য অপরাধের বিধান।
তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃত আমিনুল ইসলাম ডিবি হেফাজতে রয়েছেন বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।



