জাতীয় সংগীতের মধ্য দিয়ে শেরপুরে শুরু হলো ‘নজরুল বর্ষ-২০২৬’ উদযাপন
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৭:২৩ পিএম
জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে বগুড়ার শেরপুরে শুরু হয়েছে ‘নজরুল বর্ষ-২০২৬’ উদযাপন। শনিবার (২৫ জুলাই) বিকেল সাড়ে ৫টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান হিমু।
আলোচনা পর্বে বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্যকর্ম, অসাম্প্রদায়িক চেতনা, বিদ্রোহী মনন এবং বাংলা সংস্কৃতিতে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, নতুন প্রজন্মের মাঝে নজরুলের আদর্শ ও সৃষ্টিকর্ম ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও শেরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কেএম মাহবুবার রহমান হারেজ, শেরপুর পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল এবং বীর মুক্তিযোদ্ধা মনজুর উল হকসহ অন্যান্য অতিথিরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা।
এ সময় উপজেলা শিল্পকলা একাডেমির সদস্য, শেরপুর উপজেলার বিভিন্ন সংগীত বিদ্যালয়ের পরিচালক ও সদস্য, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সুধীজন উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশনের সাংবাদিক, লোকগবেষক ও সংগ্রাহক ইমরান উজ জামান, বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত নজরুলসংগীত শিল্পী মুন্নি কাদের, তাপসী রায়, সাইফুল ইসলামসহ আরও অনেকে।
অনুষ্ঠানের শেষ পর্বে উপজেলা শিল্পকলা একাডেমির ক্ষুদে শিল্পীরা দলীয়ভাবে গান ও নৃত্য পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন। এছাড়া আমন্ত্রিত ও স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে নজরুলসংগীত পরিবেশন এবং কবিতা আবৃত্তির মধ্য দিয়ে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্মের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাঁর চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।



