Logo
Logo
×

সারাদেশ

সৌদিতে সড়ক দুর্ঘটনা

সালথার একই পরিবারের ৩ জনের মৃত্যু, শামা ওবায়েদের গভীর শোক

Icon

সাজ্জাদ হোসেন, সালথা

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০৮:৪৬ পিএম

সালথার একই পরিবারের ৩ জনের মৃত্যু, শামা ওবায়েদের গভীর শোক

ফরিদপুরের সালথা উপজেলার একই পরিবারের তিন সদস্যের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

শুক্রবার (২৪ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক শোকবার্তায় প্রতিমন্ত্রী নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মহান আল্লাহর কাছে এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি ও ধৈর্য কামনা করেন তিনি।

শোকবার্তায় শামা ওবায়েদ ইসলাম দুর্ঘটনায় আহত শফিকুল ইসলাম ও তাঁর বড় ছেলে নাবিলের দ্রুত সুস্থতা কামনা করেন।

জানা গেছে, গত বুধবার (২৩ জুলাই) বিকেলে সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে পবিত্র মক্কায় ওমরাহ পালনের উদ্দেশ্যে যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হন ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের একটি পরিবার। এ দুর্ঘটনায় আটঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম নাজিমুদ্দিন মোল্যার মেয়ে তানিয়া তাহমিনা রিনা (৪৫), তাঁর ছেলে তাসবিক (২০) ও মেয়ে জারা (১৫) নিহত হন।

এ ঘটনায় রিনার স্বামী শফিকুল ইসলাম ও তাঁদের বড় ছেলে নাবিল গুরুতর আহত হয়েছেন। তাঁরা বর্তমানে সৌদি আরবে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত তানিয়া তাহমিনা রিনার ভাই তৌহিদ মোহাম্মাদ মুরাদ বিষয়টি নিশ্চিত করে জানান, মর্মান্তিক দুর্ঘটনায় নিহত তিনজনের মরদেহ সৌদি আরবের রিয়াদের বাথা এলাকার একটি কবরস্থানে দাফন করা হয়েছে।

পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে স্বজনদের নিয়ে আনন্দময় যাত্রায় বেরিয়ে একই পরিবারের তিন সদস্যের এমন করুণ মৃত্যুতে সালথাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারি আর হৃদয়বিদারক এই ঘটনায় শোকাহত পুরো পরিবার ও এলাকাবাসী।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন