বগুড়ার শেরপুরে ১৫০০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেপ্তার
শেরপুর (বগুড়া) প্রতিবেদক
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৪:৫৯ পিএম
বগুড়ার শেরপুরে স্যানিটারি ন্যাপকিনের বক্সের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে পাচারের সময় ১ হাজার ৫০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. আশিক ইকবাল ওরফে সাজু (৩৩) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কের শেরপুর উপজেলার জগন্নাথপাড়া এলাকায় শেরউড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের সামনে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আশিক ইকবাল ওরফে সাজু শেরপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জগন্নাথপাড়া এলাকার মৃত হাফিজুর রহমানের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে আশিককে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা একটি খাকি রঙের কাগজের কার্টন তল্লাশি করে স্যানিটারি ন্যাপকিনের প্যাকেটের আড়ালে বিশেষভাবে লুকিয়ে রাখা ১ হাজার ৫০০ পিস কমলা রঙের নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দ করা ট্যাবলেটগুলোর ব্র্যান্ড নাম ছিল ‘টাপাল’। একই সঙ্গে মাদক কেনাবেচায় ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, মাদক পাচারে নজর এড়াতে বিভিন্ন পণ্যের মোড়ক ও কার্টন ব্যবহার করে অভিনব কৌশল অবলম্বন করছে মাদক কারবারিরা। এ ধরনের পাচার ঠেকাতে গোয়েন্দা নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক (এসআই) মো. হুমায়ুন কবির বাদী হয়ে শেরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মইনুদ্দিন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দায়ের করা মামলায় গ্রেপ্তারকৃত আসামিকে বুধবার দুপুরে বগুড়ার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।



