Logo
Logo
×

সারাদেশ

জুলাই সনদ অসাংবিধানিক হলে বিএনপি সরকারও অবৈধ: সারজিস আলম

Icon

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ১১:৫০ এএম

জুলাই সনদ অসাংবিধানিক হলে বিএনপি সরকারও অবৈধ: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, যে জনগণ ৫০ শতাংশ ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় পাঠিয়েছে, সেই জনগণই ৭০ শতাংশ ভোট দিয়ে গণভোটে জুলাই সনদ ও রাষ্ট্র সংস্কারের পক্ষে মত দিয়েছে। যে সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে বিএনপি সরকার গঠিত হয়েছে এবং যে প্রক্রিয়ার ভিত্তিতে গণভোট অনুষ্ঠিত হয়েছে, সেটিকেই এখন অবৈধ বলা হচ্ছে। যদি সংস্কার অবৈধ হয়, জুলাই সনদ যদি অসাংবিধানিক হয়, তাহলে বিএনপি সরকারও অবৈধ।

মঙ্গলবার (২১ জুলাই) বিকাল ৫টায় নীলফামারীর জলঢাকা উপজেলা সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ উপলক্ষ্যে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, আমরা দেখছি, কোথাও জামায়াতের এমপি থাকলেও টেন্ডার হতে না হতেই সরকারি বিভিন্ন দপ্তরে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের প্রভাব বিস্তার করা হচ্ছে। ওখানে আবার কিছু কর্মকর্তা-কর্মচারীও সরকারি কর্মচারীর পরিচয়ের চেয়ে বিএনপির লোক হিসেবে পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন।  তাদের যোগসাজশে টেন্ডারবাজি ও লুটপাটের রাজত্ব কায়েম করা হচ্ছে।

তিনি বলেন, এসব অনিয়মের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মনে রাখতে হবে, কোনো জুলুমের বিরুদ্ধে সময়মতো প্রতিবাদ না করলে তা একসময় এমন পর্যায়ে পৌঁছায়, যেখান থেকে ফিরে আসা কঠিন হয়ে যায়।

সরকারের সমালোচনা করে সারজিস আলম বলেন, বিএনপি সরকার সম্প্রতি ৮ হাজার কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে। এই প্রকল্প শুধু বিএনপির এমপিদের জন্য নেওয়া হয়েছে।  এখন আমাদের প্রশ্ন, বিএনপি কি শুধু ধানের শীষ প্রতীকে নির্বাচিত এমপিদের সরকার, নাকি তারা সমগ্র বাংলাদেশের ৩০০ আসনের জনগণের সরকার?

এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ও দিনাজপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক আবু সাঈদ লিওনের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় আরও বক্তব্য দেন দলটির সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন, রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক ও কুড়িগ্রাম-২ (সদর, রাজারহাট ও ফুলবাড়ী) আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মুজাহিদসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

জলঢাকার পথসভা শেষে রাতে নেতারা নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আরেকটি পথসভায় অংশ নেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন