Logo
Logo
×

সারাদেশ

বগুড়ার শেরপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জগন্নাথ দেবের ৮ দিনব্যাপী রথযাত্রা শুরু, ভক্তদের ঢল

Icon

শেরপুর (বগুড়া) প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৮:২৫ পিএম

বগুড়ার শেরপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জগন্নাথ দেবের ৮ দিনব্যাপী রথযাত্রা শুরু, ভক্তদের ঢল

ধর্মীয় ভাবগাম্ভীর্য, বর্ণিল শোভাযাত্রা ও ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে বগুড়ার শেরপুরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের ৮ দিনব্যাপী রথযাত্রা শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর সোয়া ১টায় শহরের জগন্নাথপাড়া এলাকায় শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির কমিটির আয়োজনে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এ বছর শেরপুর উপজেলায় শ্রী শ্রী জগন্নাথ মন্দির কমিটি, ইসকন মন্দির কমিটি এবং দত্তপাড়া শীতল প্রভুর রথ—এই তিনটি পৃথক কমিটির উদ্যোগে রথযাত্রা অনুষ্ঠিত হয়। সুসজ্জিত রথগুলো শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। পৌর শহরসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার নারী-পুরুষ ও শিশু রথযাত্রায় অংশ নেন। ভক্তদের উপস্থিতিতে পুরো শহর প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে।

রথযাত্রাকে ঘিরে জগন্নাথ মন্দির সংলগ্ন শেরপুর সরকারি ডি. জে. মডেল হাইস্কুল মাঠে বসেছে ঐতিহ্যবাহী রথের মেলা। মেলায় বিভিন্ন ধরনের খেলনা, মিষ্টি, প্রসাধনী, গৃহস্থালি সামগ্রীসহ নানা পণ্যের দোকান বসেছে। ফলে ধর্মীয় আয়োজনের পাশাপাশি উৎসবটি পরিণত হয়েছে সামাজিক ও সাংস্কৃতিক মিলনমেলায়।

জগন্নাথ মন্দির প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্দির কমিটির সভাপতি সমীর কুমার কুন্ডু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির নেতা জানে আলম খোকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল।

এ সময় উপজেলা পূজা উদযাপন পরিষদ, পূজা উদযাপন ফ্রন্ট, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, জাতীয় হিন্দু মহাজোটের স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন মন্দির ও পূজা মণ্ডপ পরিচালনা কমিটির প্রতিনিধিসহ সনাতন ধর্মাবলম্বী বিপুল সংখ্যক ভক্ত উপস্থিত ছিলেন।

জগন্নাথ মন্দির রথযাত্রা উৎসব আয়োজক কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ কুমার কুন্ডু জানান, এ বছর রথযাত্রায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে অন্তত ৬ হাজার ভক্তের সমাগম ঘটেছে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপস্থিত সকল ভক্তের মাঝে শ্রী শ্রী জগন্নাথ দেবের মহাপ্রসাদ বিতরণ করা হয়।

উৎসবকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, রথযাত্রা ও মেলাকে কেন্দ্র করে পুলিশের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। রথযাত্রার পুরো রুট এবং গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন, যাতে উৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন হয়।

আগামী ২৩ জুলাই ‘উল্টো রথযাত্রা’র মধ্য দিয়ে আট দিনব্যাপী এ ধর্মীয় উৎসবের পর্দা নামবে। প্রতিবছরের মতো এবারও রথযাত্রা শেরপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্মীয় সহাবস্থান এবং উৎসবের আনন্দকে নতুন মাত্রা দিয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন