আর্জেন্টিনার জয় উদযাপনে ভিডিও করতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু
নেত্রকোনা প্রতিবেদক
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০২:০৪ পিএম
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের আনন্দ উদযাপন করতে গিয়ে নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে পড়ে এক কলেজশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দীপ্ত চৌধুরী (২৪) শহরের মালনী রোড এলাকার বাসিন্দা বাদল চৌধুরীর ছেলে। তিনি নেত্রকোনা সরকারি কলেজের সম্মান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পরিবার ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বিশ্বকাপের ফাইনাল শেষে আর্জেন্টিনার জয় উদযাপনে শহীদ মিনার এলাকায় সমর্থকদের আনন্দ-উল্লাস চলছিল। সেই দৃশ্য মোবাইল ফোনে ধারণ করতে পাশের একটি ভবনের ছাদে ওঠেন দীপ্ত। একপর্যায়ে ভবনের পাশ দিয়ে যাওয়া উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ছাদ থেকে নিচে পড়ে যান।
স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শ্রদ্ধানন্দ নাথ বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর ছাদ থেকে পড়ে যাওয়ায় তাঁর শরীরে গুরুতর আঘাত লাগে। হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে।
দীপ্ত চৌধুরীর মৃত্যুতে তাঁর পরিবার, সহপাঠী ও বন্ধুদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নেত্রকোনা সরকারি কলেজেও এ ঘটনায় শোকের পরিবেশ বিরাজ করছে।



