রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শুভ্রা রানী চন্দ আর নেই
হ্লাথোয়াইছা চাক, রাবি প্রতিনিধি
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১০:১১ পিএম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. শুভ্রা রানী চন্দ (৬৩) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। বুধবার (১৫ জুলাই) দুপুর ১২টার দিকে রাজশাহী হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্বামী, এক কন্যা ও এক পুত্র রেখে গেছেন।
বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক এস এম কামরুজ্জামান স্বাক্ষরিত এক শোকবার্তায় বিষয়টি জানানো হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, অধ্যাপক শুভ্রা রানী ১৯৮৬ সালে রাবি থেকে মার্কেটিং বিষয়ে মাস্টার্স ডিগ্রি ও ২০১৮ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৯০ সালে তিনি রাবি মার্কেটিং বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন ও ২০১৪ সালে প্রফেসর পদে উন্নীত হন। তিনি অধ্যাপনা ছাড়াও হল প্রাধ্যক্ষসহ অন্য কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও মার্কেটিং বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. ফরিদুল ইসলাম এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আব্দুল আলিম ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ শোক প্রকাশ করেছেন। তারা রাবিতে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে মরহুমের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তার রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।



