বগুড়ায় নিষিদ্ধ রাসায়নিক দিয়ে ফুচকা তৈরি, মালিকের ১ বছরের কারাদণ্ড
বগুড়া অফিস
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৯:২৮ পিএম
বগুড়া শহরের চেলোপাড়া এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে ফুচকা তৈরি এবং খাদ্যে নিষিদ্ধ রাসায়নিক ব্যবহারের অভিযোগে একটি ফুচকা কারখানার মালিককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বগুড়া সদরের চেলোপাড়া এলাকার নবাববাড়ি সড়কে অবস্থিত ‘মুন কাচ্চি অ্যান্ড মুন ফুচকা’ কারখানায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদ বলেন, নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৩ ধারা লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী সাকিব হোসেনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
অভিযানে দেখা যায়, কারখানায় অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে ফুচকা তৈরি করা হচ্ছিল। ফুচকার ময়দার ডো তৈরির টেবিলে কুকুরের পায়ের ছাপ, কাদা ও ময়লা ছিল। সেগুলো পরিষ্কার না করেই একই টেবিলে খাদ্য প্রস্তুতের কাজ চলছিল।
এ ছাড়া খাদ্য উৎপাদনে নিষিদ্ধ রাসায়নিক ‘হাইড্রোজ’ ব্যবহার করে ফুচকা তৈরি করা হচ্ছিল বলে অভিযানে অভিযোগ পাওয়া যায়। কারখানার কর্মীদেরও প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতার নিয়ম না মেনে কাজ করতে দেখা যায়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদ বলেন, অভিযুক্ত ব্যক্তি অভিযোগ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত আইন অনুযায়ী সাজা দেন। জনস্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য নিশ্চিত করতে খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে প্রচলিত আইন ও বিধি-বিধান কঠোরভাবে অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছে।
অভিযানে বগুড়ার নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।



