নরসিংদীতে বালু ব্যবসায়ীর কানে বিএনপি নেতার কামড়
নরসিংদী প্রতিবেদক
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৭:১৬ পিএম
নরসিংদীর পলাশে রাস্তা থেকে তুলে নিয়ে সাখাওয়াত হোসেন নামে এক বালু ব্যবসায়ীকে পিটিয়ে গুরুতর আহতের পাশাপাশি কামড় দিয়ে কানে জখমের অভিযোগ উঠেছে মহিউদ্দিন চিশতিয়া নামে এক বিএনপি নেতার বিরুদ্ধে।
সোমবার (১৩ জুলাই) বিকেলে ঘোড়াশাল পৌর এলাকার বাংলাদেশ জুটমিলের সামনে এই ঘটনা ঘটে। অভিযুক্ত মহিউদ্দিন চিশতিয়া ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
আহত সাখাওয়াত হোসেন গাজীপুরের কালীগঞ্জের ফিরোজ আলীর ছেলে। তিনি বর্তমানে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তার কানে চারটি সেলাইসহ শরীরের বেশ কিছু স্থানে নিলা-ফুলা যখম রয়েছে।
ভুক্তভোগী সাখাওয়াত হোসেন জানান, ঘোড়াশালের বাংলাদেশ জুটমিলের অভ্যন্তরে টিকে গ্রুপের নির্মাণাধীন একটি প্রতিষ্ঠানের বালু ভরাটের কাজে সেখানে শীতলক্ষ্যা নদীর পাড়ে ড্রেজার মেশিন স্থাপন করি। বিকেলে ড্রেজার মেশিনের শ্রমিকদের বেতন দিয়ে ফেরার পথে ৪ জন লোক মোটরসাইকেল দিয়ে এসে আমাকে রাস্তা থেকে তুলে নিয়ে বিএনপি নেতা মহিউদ্দিনের বাড়ি নিয়ে যায়। সেখানে দীর্ঘ ১ ঘন্টা আটকে রেখে মহিউদ্দিনসহ আরো ৬ থেকে ৭ জন লোক কিল-ঘুষি ও চড়থাপ্পড় মারতে থাকে। একপর্যায়ে ওই বিএনপি নেতা কেন তাকে না জানিয়ে সেখানে ড্রেজার মেশিন বসালাম তা বলেই কানের মধ্যে কামড় দিয়ে রক্তাক্ত করে। পরে তারা দ্রুত সময়ের মধ্যে ড্রেজার মেশিন সরিয়ে এলাকা ছেড়ে চলে যাওয়ার ভয় দেখিয়ে ছেড়ে দেয়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গিয়ে চিকিৎসা নেই।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপির এই নেতা জানান, সকালে ড. আব্দুল মঈন খান স্যারের প্রোগ্রাম রয়েছে আমি ঘুমাতে যাচ্ছি। পরবর্তীতে ভিডিও বক্তব্যে সত্য-মিথ্যা সকল বিষয়ে বিস্তারিত জানানো হবে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহেদ আল-মামুন জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এখনো লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে।



