তিস্তার পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৪:৩৫ পিএম
টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে রংপুরের কাউনিয়া পয়েন্টে বিপৎসীমার ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল থেকে পানি বিপৎসীমা অতিক্রম করায় কাউনিয়া উপজেলার টেপামধুপুর, বালাপাড়া, শহীদবাগ, হারাগাছ ও আশপাশের চরাঞ্চলের নিচু এলাকা পানিতে তলিয়ে গেছে। বসতবাড়ি, আঙিনা ও গ্রামীণ সড়কে পানি ঢুকে পড়ায় চলাচল কঠিন হয়ে পড়েছে। কৃষকদের আমন ধানের বীজতলা, সবজিক্ষেত ও পাটক্ষেত পানিতে তলিয়ে যাওয়ায় ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, নৌকা ছাড়া অনেক এলাকায় যাতায়াত সম্ভব হচ্ছে না। আকস্মিক বন্যায় গবাদিপশু ও হাঁস-মুরগি নিয়ে বিপাকে পড়েছেন তারা। নদীভাঙনপ্রবণ এলাকায় উদ্বেগ আরও বেড়েছে।
কাউনিয়া উপজেলা নির্বাহী অফিসার মোছা. পাপিয়া সুলতানা জানান, পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে এবং ত্রাণসামগ্রী মজুত রয়েছে। ইতোমধ্যে ১৫০ পরিবারে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকার মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে।
রংপুর পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, উজানে বৃষ্টিপাত অব্যাহত থাকলে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা নদীর পানি উচ্চ অবস্থানে থাকতে পারে। বৃষ্টিপাত কমে গেলে পানি ধীরে ধীরে নেমে আসবে।
প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড নদী তীরবর্তী মানুষকে অপ্রয়োজনীয়ভাবে নদীতে না যাওয়ার, শিশুদের নিরাপদে রাখার এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে।



