দক্ষ জনশক্তি গড়তে কলমাকান্দায় বিজিএমইএর প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগ
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৩:২৭ পিএম
নেত্রকোনার কলমাকান্দায় কর্মক্ষম নারী ও যুবকদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে বিজিএমইএ (BGMEA) ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ জুলাই) দুপুর ১২টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় প্রশিক্ষণ কেন্দ্রের কার্যক্রম, প্রশিক্ষণের বিষয়বস্তু, প্রশিক্ষণার্থী নির্বাচন, অবকাঠামোগত সুবিধা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বক্তারা বলেন, বর্তমান শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরি করতে আধুনিক ও কর্মমুখী প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। বিজিএমইএর সহযোগিতায় পরিচালিত এ প্রশিক্ষণ কেন্দ্র স্থানীয় নারী ও যুবকদের তৈরি পোশাক শিল্পসহ বিভিন্ন খাতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। এর মাধ্যমে একদিকে বেকারত্ব হ্রাস পাবে, অন্যদিকে এলাকার আর্থ-সামাজিক উন্নয়ন আরও গতিশীল হবে।
বক্তারা আরও বলেন, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে এ ধরনের সময়োপযোগী কর্মসূচি গ্রহণ স্থানীয় জনগণের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে। তাঁরা এ উদ্যোগের সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. মিকাইল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসআইসিআইপি-বিজিএমইএর চিফ কো-অর্ডিনেটর মুনির চৌধুরী, কো-অর্ডিনেটর (জব প্লেসমেন্ট) মো. আশফাকুর রহমান, কো-অর্ডিনেটর (ফাইন্যান্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং) এস. কে. নাজমুল আলম (পলাশ) এবং অফিসার (অ্যাডমিন) মো. সাজেদুল কবিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বক্তব্য রাখেন।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ধর্মীয় নেতৃবৃন্দ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।



